আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সঙ্কটের প্রভাব থেকে দেশের রপ্তানি বাণিজ্যকে রক্ষা করতে কৌশল নির্ধারণে ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে আমাদের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে কি না তা নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে।"
বৈঠকের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ না হলেও আগামী সপ্তাহের শুরুর দিকেই তা হবে বলে উপদেষ্টা জানান।
হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিসহ (বিকেএমইএ) রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেবেন।
উপদেষ্টা বলেন, "সরকার সতর্কতার সঙ্গে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। কোনো কৌশল গ্রহণের প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে তা করা হবে।"
এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত নিট পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা, আমরা বিলাসবহুল পণ্য রপ্তানি করি না। অর্থনৈতিক মন্দাবস্থার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের লোকজন হয়তো দামি বিলাসবহুল পণ্য কেনা কমিয়ে দেবে। আমরা যে কম দামি পণ্য রপ্তানি করি তা কেনা তারা কমাবে না।"
তবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই যাতে পণ্যের উৎপাদন খরচ না বাড়ে এবং উৎপাদন কর্মকাণ্ডে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে-সে দিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে।"
ফজলুল হক এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ দেন। বরং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় স্থানীয় বাজারেও তা কমিয়ে আনা যেতে পারে বলে মত দেন তিনি। বিকেএমইএ এর সভাপতির মতে এর ফলে পণ্যের উৎপাদন খরচ কমে আসায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব বাজারে টিকে থাকা সহজ হবে।
সরকার চলতি ২০০৮-০৯ অর্থবছরে প্রায় এক হাজার ৬৩০ কোটি (১৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা গত ২০০৭-০৮ অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি।
গত ৮ অক্টোবর বিজিএমইএ, বিকেএমইএসহ রপ্তানি খাতের সঙ্গে সংশি
bdnews24