২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের মধ্যে তেলের দাম কমানো হতে পারে

বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমান দাম বজায় থাকলে আগামী মাসে তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমান দাম বজায় থাকলে আগামী মাসে তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এখন থেকে তিন মাস পর পর স্থানীয় বাজারে তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক তামিম বুধবার সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় আমরা (সরকার) স্থানীয় বাজারেও দাম কমানোর চিন্তা-ভাবনা করছি। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি ফর্মুলাও চূড়ান্ত করা হয়েছে।" সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা হয় অধ্যাপক তামিমের। পরে এ বিষয়ে টেলিফোনে ম তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার তেলের দাম কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। নতুন ফর্মুলা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসবে।" অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জ্বালানি তেলের দাম ১০ থেকে ২০ শতাংশ কমানো সংক্রান্ত একটি প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এসেছে। এ প্রস্তাব পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেবে সরকার। অধ্যাপক তামিম সাংবাদিকদের বলেন, "নতুন ফর্মুলা অনুযায়ী এখন থেকে প্রতি এক মাস পর পর জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হবে। আর তিন মাস পর পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হবে।" বিশ্ববাজারে তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশেও দাম কমানোর কথা জানিয়ে তিনি বলেন, "বিশ্ববাজারে তেলের দাম এখন ১০০ ডলারের নিচে নেমে এসেছে। যদি এ দাম বজায় থাকে তাহলে আগামী এক মাসের মধ্যে সরকার স্থানীয় বাজারে দাম কমানোর ঘোষণা দেবে।" অধ্যাপক তামিম বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল এখন ৯০ ডলার হলেও দাম পরিশোধের পর স্থানীয় বাজারে এর দাম ৯৫ থেকে ১০০ পড়ে যায়। দাম ১০০ ডলারের নিচে থাকলেই স্থানীয় বাজারে এর দাম কমানো হবে।" তেলের দাম কী পরিমাণ কমতে পারে- সাংবাদিকরা জানতে চাইলে বিশেষ সহকারী বলেন, "এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার এ খাতে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে। এটা বিবেচনায় রেখেই দাম সমন্বয় করা হবে।" অধ্যাপক তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেলের দাম কমানোর সুফল যেন সাধারণ মানুষ পায়, সে জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে।" বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮৯ মার্কিন ডলার। চলতি বছরের মাঝামাঝিতে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে ব্যারেল প্রতি প্রায় দেড়শ ডলার স্পর্শ করে। দেশে সর্বশেষ গত জুলাই মাসে তেলের দাম বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমআই/১২৩৪ ঘ.