২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের দক্ষ কর্মী তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

দেশের পোশাক শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পোশাক শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এক্ষেত্রে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন না করে উত্তরার বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকেই (বিআইএফটি) বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কথা বলেন তিনি। মঙ্গলবার বিআইএফটি'র সঙ্গে লন্ডন কলেজ অব ফ্যাশনের সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে হোসেন জিল্লুর বলেন, "বিআইএফটিকে বিশ্ববিদ্যালয় করার আবেদন এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাস হওয়ার পরপরই বিআইএফটিকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া যাবে বলে আমরা আশা করছি।" উপদেষ্টা এ প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, "পোশাক খাতে ২০১৩ সালের মধ্যে আমাদের বছরে গড় রপ্তানি আয় ২৫০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। কর্ম সংস্থান হবে আরও প্রায় দুই লাখ লোকের। পোশাক খাতের বিকাশে দক্ষ জনবল তৈরি করতে হবে।" ২০০০ সালে প্রতিষ্ঠিত বিআইএফটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত প্রতিষ্ঠান। এতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর, ফ্যাশন টেকনোলজিতে স্নাতকসহ বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোমা ও সংক্ষিপ্ত কোর্স পড়ানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, "বাংলাদেশের পোশাক শিল্পে বর্তমানে প্রায় ২৫ লাখ মানুষ সরাসরি কর্মরত। আরও পাঁচ লাখ লোকের নতুন চাকরি দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য আরও ৪০ হাজার দক্ষ লোক দরকার।" এ শিল্পে জনবল তৈরিতে বিআইএফটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দাবি করে তিনি বলেন, "ব্যবসার ধরন আগের চেয়ে বদলে গেছে। আগামীতে আরও পাল্টাবে।" দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকে সাক্ষর করে বিআইএফটি'র সভাপতি বেনজির আহমেদ এবং লন্ডন কলেজ অব ফ্যাশনের ওয়েন্ডি ম্যালেম। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজিএমইএ মনে করেন। বিআইএফটির জন্য আবাসিক ক্যাম্পাস তৈরি প্রয়োজনীয়তা তুলে ধরে বেনজির আহমেদ বলেন, "আমাদের দেশের পোশাক শিল্পে মিড লেভেলে প্রায় ২০ হাজার বিদেশি কর্মকর্তা কাজ করছে। বিআইএফটি আরও বড় পরিসরে কাজ করতে পারলে দেশের ছেলেরাই এই পদে কাজ করতে পারবে।" এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পাঠ্যক্রম ও শিক্ষার্থী বিনিময় করা ছাড়াও লন্ডনের শিক্ষকরা বিআইএফটির শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বলে জানান তিনি। ওয়েন্ডি ম্যালেম বলেন, "দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষ জনবল তৈরি হবে। যা ফ্যাশন, টেকনোলজি ও মার্কেটিংয়ের ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৩৭ ঘ.