ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে সোমবার দুই দেশের পোশাক ব্যবসায়ীদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং কোরিয়া ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মিয়েং কুন হা চুক্তিতে সই করেন।
মিয়েং কুন হা বলেন, "বাংলাদেশে সরাসরি বিনিয়োগকারী অন্যতম দেশ হলো কোরিয়া। আবার বাংলাদেশের জনশক্তি রপ্তানির সেরা বাজারগুলোর মধ্যে কোরিয়ার অবস্থান পঞ্চম। তাই দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে।"
আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, "গত অর্থবছরে বাংলাদেশ কোরিয়াতে ৯৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এছাড়া পাঁচ দশমিক ৬২ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যা তার আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।"
তারপরও কোরিয়া ও বাংলাদেশের মধ্যে প্রচুর বাণিজ্য ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "২০০৬-০৭ অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪২৯ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।"
বিজিএমইএ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোরিয়া ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ও বাণিজ্য প্রতিনিধি দলের নেতা বুহিউং কিম ও বিজিএমইএর পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটতম/আরবি/জেকে/এমএইচবি/০০১৬ ঘ.
bdnews24