ঢাকা, ০৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল আমদানির খরচ কমাতে নতুন বাজারের সন্ধানে এবার মালয়েশিয়া থেকে নয় লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে দেশটি থেকে অল্প পরিসরে কিছু তেল আমদানি করলেও এবারই প্রথম বেশি পরিমাণে তেল কিনতে যাচ্ছে সরকার।
সোমবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে সরকারি মালিকানাধীন তিনটি লোকসানি প্রতিষ্ঠানও বিভিন্ন দামে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোনাস ট্রেডিং করপোরেশনের (পেটকো) কাছ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি এই নয় লাখ টন তেল কিনবে।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এর আগে কোনো দেশের সরকারি প্রতিষ্ঠান থেকে তেল কিনতে হলে ওই দেশের সরকারের সঙ্গে আমাদের সরকারের চুক্তি করতে হতো। কিন্তু মালয়েশিয়া থেকে যে নয় লাখ টন তেল আমদানি করা হবে তার জন্য দুদেশের সরকারের মধ্যে কোনো চুক্তি করতে হবে না। মালয়েশিয়ার পেটকোর সঙ্গে বিপিসি'র চুক্তির মাধ্যমে ওই তেল কেনা হবে।"
তিনি বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পেটকোর সঙ্গে সরাসরি চুক্তি করে বিপিসিকে এই তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। তবে তেল আমদানির জন্য পরিবহন খরচ কী হবে তা ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান আজিজুল ইসলাম।
বিপিসি'র চেয়ারম্যান আনোয়ারুল করিম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলন, "আমার জানা মতে গত ৪/৫ বছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ কোনো তেল আমদানি করেনি। এর আগে মালয়েশিয়া থেকে তেল আমদানি হলেও তা পরিমানের দিক থেকে ছিল খুবই সামন্য। এবারই প্রথম দেশটি থেকে বেশি পরিমানে তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
মালয়েশিয়া থেকে কেনো তেল আমদানি করা হচ্ছে-এ প্রশ্নের উত্তরে বিপিসি চেয়ারম্যান বলেন, "জ্বালানি তেল নিয়ে কুয়েতসহ কয়েকটি দেশ একচেটিয়া ব্যবসা করছে। তারা অনেক বেশি প্রিমিয়াম (পরিবহন খরচ) নেয়। মালয়েশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে প্রিমিয়াম অনেক কম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
অর্থ উপদেষ্টা বলেন, "হাতে গোনা দু-একটা দেশ থেকে আমরা তেল আমদানি করতাম। বেশ কিছু দিন ধরে আমরা জ্বালানি তেলের নতুন বাজারের সন্ধান করছিলাম। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
এর আগে গত ২ সেপ্টেম্বর ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রথমবারের মতো মালদ্বীপ থেকে দেড় লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সাত কোটি ৭৮ লাখ টাকায় সরকারি মালিকানাধীন লোকসানি শিল্প প্রতিষ্ঠান সাতরং টেক্সটাইল মিলস (টংগী, গাজীপুর), ৫১ কোটি ১১ লাখ টাকায় কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস (চন্দ্রঘোনা, কাপ্তাই) ও ২৬ কোটি ৫৪ লাখ টাকায় চট্রগ্রামের কালুরঘাটে অবস্থিত পার্টিকেল বোর্ড ভিনিয়ারিং প্লান্ট ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়াসংক্রান্ত প্রস্তাব বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে বলে আজিজুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০৩৮ ঘ.
bdnews24