২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় টেলিনর

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আরও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর। বাংলাদেশে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন (থ্রিজি) প্রযুক্তির ব্যবসায় আগ্রহ দেখিয়েছে কোস্পানিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আরও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর। বাংলাদেশে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন (থ্রিজি) প্রযুক্তির ব্যবসায় আগ্রহ দেখিয়েছে কোস্পানিটি। টেলিনরের চেয়ারম্যান হ্যারল্ড নরভিক সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ আগ্রহ ব্যক্ত করেন। টেলিনরের প্রধান নির্বাহী ফ্রেডেরিক বাকসাস ও সংস্থাটির পরিচালনা বোর্ডের আরেক সদস্যও এ বৈঠকে উপস্থিত ছিলেন। কোস্পানিটির এই তিন শীর্ষ কর্মকর্তা সোমবার সকালে বাংলাদেশে পৌঁছান। বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে টেলিনর কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয় বলে একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশের পাশাপাশি বাজারে গ্রামীণফোনের শেয়ার ছাড়ার বিষয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন টেলিনর চেয়ারম্যান। ওই কর্মকর্তা বলেন, "এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। গ্রামীণফোনের মালিকানা নিয়ে টেলিনরের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব কিংবা অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে গ্রামীণফোনের আইনি জটিলতায় পড়া নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি।" তিনি বলেন, টেলিনর কর্মকর্তারা বাংলাদেশে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন (থ্রিজি) প্রযুক্তির লাইসেন্স নেওয়ার জন্য তাদের আগ্রহের কথা জানান। এই তিন কর্মকর্তা সোমবার গ্রামীণফোনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত সফরের অংশ হিসাবে টেলিনরের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ডার্স ইয়েনসেনের পদত্যাগের ঘোষণার কিছুদিনের মধ্যে টেলিনরের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সফরে এলেন। ইয়েনসেন গত মাসে পদত্যাগের ঘোষণা দেন। বিশ্বের সপ্তম বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি টেলিনর বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ৬২ শতাংশের মালিক। প্রতিষ্ঠান দুটি বেশ কিছু কারণে এ মুহূর্তে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে। অবৈধ ভিওআইপি ব্যবসায় যুক্ত থাকার দায়ে দু' দফার ৪১৮ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে গ্রামীণফোনকে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক মিলিয়ে ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান- বিটিআরসি। এছাড়া টেলিনরের ব্যবসায়ীক অংশীদার মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ডিজি টেলিকম লিমিটেডের বিরুদ্ধেও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ডিজি টেলিকম সিঙ্গাপুরভিত্তিক একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুদ্রা পাচারের দায়েও অভিযুক্ত হয়েছে। এই ডিজি টেলিকমেরও ৬১ শতাংশ মালিকানা টেলিনরের। বিশ্বের ১২টি দেশে টেলিনরের মোবাইল ফোনের ব্যবসা রয়েছে। সারাবিশ্বে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ১৫ কোটি। এর মধ্যে বাংলাদেশে গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৪ লাখ। এশীয় অঞ্চলে প্রতিষ্ঠানটির গ্রাহক বৃদ্ধির হার বেশি। মোবাইল ফোন সেবা ছাড়াও ফিক্সড ফোন, ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট সেবা প্রদানকারী হিসেবে টেলিনর কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৮৩০ ঘ.