ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে লেনদেন শুরুর প্রথম দিন চাঙাভাবেই শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ তেল ও ওষুধ কোম্পানির লেনদেনের উপর ভর করে এ নিয়ে টানা সাত কার্যদিন পুঁজিবাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী। রোববার লেনদেনের অঙ্ক চারশ' কোটি টাকা ছাড়িয়ে যায়। চট্টগ্রামের বাজারেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ঈদের ছুটি শুরু হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে ৩০০১ দশমিক ৩৭ পয়েন্ট হয়। তবে রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য সমন্বয়ের কারণে ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১১ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ পড়ে ২৪৯৮ দশমিক ৪৫ পয়েন্ট হয়েছে।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়ে ২৪৮৬ দশমিক ৫১ পয়েন্ট হয়।
দিনশেষে ডিএসইতে ৪৫০ কোটি টাকার ৩ কোটি ৬৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়। এদিন বাজারে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬১ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকার ৬২ লাখ ৫০ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৫৩টির এবং এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।
এ বাজারে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১২১ দশমিক ৪০ পয়েন্ট বা এক দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৯১১৮ দশমিক ০৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭০ দশমিক ৭৩ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে হয়েছে ৫৮৩৬ দশমিক ৪৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৮ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে ৭৮১০ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকোর শেয়ারের দাম ৮ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ২৩৪ টাকা ২০ পয়সা। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১৪৪ টাকা ২০ পয়সা হয়েছে। এছাড়া সামিট পাওয়ারের শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়ে ৮২৭ টাকা ৫০ পয়সা হয়।
রাষ্ট্রায়ত্ত তিতাস গ্যাসের শেয়ারের দাম ২ দশমিক ৭৯শতাংশ বেড়ে ৫০৬ টাকা ২৫ পয়সা এবং এসিআইয়ের শেয়ারের দাম ৮ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৬৩৬ টাকা ২০ পয়সায় পৌঁছায়।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কাবাংলা ফাইনান্স, গ্রামীণ ওয়ান: স্কিম টু, কেয়া কসমেটিকস, ডেসকো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দামও বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএইচবি/১৯৫৪ ঘ.
bdnews24