ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- ইউরোপের আরেকটি বড় ব্যাংক পতনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। একটি ব্যাংকিং কনসোর্টিয়াম তাদের ধস ঠেকানোর আলোচনা থেকে সরে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
সঙ্কটে পড়া প্রতিষ্ঠানটি হচ্ছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম মর্টগেজ ঋণদাতা হাইপো রিয়াল এস্টেট। তারা বলেছে অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি চুক্তি শেষ পর্যন্ত ভেস্তে গেছে।
পর্যবেক্ষকরা বলছেন, এ প্রতিষ্ঠানটির পতন অন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।
প্যারিসে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কায়দায় একটি পুনরুদ্ধার পরিকল্পনা অনুমোদন লাভে ব্যর্থ হওয়ার পাশাপাশি এ ঘটনা ঘটলো। বড় অঙ্কের অনাদায়ী ঋণের দায়ে ভারাক্রান্ত হাইপো রিয়াল এস্টেট আন্তর্জাতিক বাজারে ঋণের তারল্য সঙ্কটের শিকার।
ব্যাংকটি বলেছে সরকারের নেতৃত্বাধীন একটি সহায়তা প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা থেকে বেরিয়ে যায় জার্মানীর আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম। ৩৬ বিলিয়ন ইউরো (৫০ বিলিয়ন ডলার) পুনরুদ্ধার সাহায্য তহবিল দিতে তারা রাজি হয়নি। তাদের অসম্মতির কারণ কী তা জানা যায়নি। তবে বিপন্ন হাইপো-র একজন মুখপাত্র বলেছেন প্রতিষ্ঠানটি অস্তিত্বের জন্য লড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৩৭ঘ.
bdnews24