ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানিসহ বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে সাড়ে ১৬ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রশিক্ষণসহ কারিগরি সহায়তার জন্য তারা ৫ লাখ ডলার অনুদানও দেবে।
শুক্রবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঋণের ৮ কোটি ২০ লাখ ডলার বৃহৎ অবকাঠামো পুনর্গঠনে খরচ করা হবে। ছোট ও মাঝারি আকারের জ্বালানি প্রকল্পে ৫ কোটি ডলার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করা হবে।
এডিবি জানায়, ঋণের টাকা দিয়ে কমপক্ষে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, এক লাখ গ্রামীণ ঘরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারসহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এডিবি'র দক্ষিণ এশীয় বিভাগের জ্যেষ্ঠ বিনিয়োগ বিশেষজ্ঞ পিটার মরো বলেন, "অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৫২৫ ঘ.
bdnews24