ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশে শাখা খোলার উদ্যোগ নিয়েছে। এনডিবি শুক্রবার জানিয়েছে, বাংলাদেশে বিনিয়োগ ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করতে তারা শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে। দেশটির গণমাধ্যম এ খবর জানিয়েছে।
শ্রীলংকার স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হওয়ার কাগজপত্রে এনডিবি জানায়, তারা এখন কেন্দ্রীয় ব্যাংকের এক্সচেঞ্জ কন্ট্রোল ও অর্থমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এতে আরও জানানো হয়, "বিনিয়োগ ব্যাংক হিসেবে সংখ্যাগরিষ্ঠ শেয়ার-অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে বাজার যাচাই করে নিয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারী কোম্পানি ও শেয়ার-অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।"
"এনডিবি বাংলাদেশ ও শ্রীলংকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও চেয়েছে।"
বিবৃতিতে বলা হয়েছে, আগ্রহী বিনিয়োগ কোম্পানি ও এর শেয়ার-অংশীদারদের সঙ্গে যৌথ-উদ্যোগ চুক্তি স্বাক্ষর এবং প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেলেই বাংলাদেশে লেনদেন শুরু করবে এনডিবির।
শ্রীলংকার তৃতীয় ব্যাংক হিসেবে এনডিবি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী অন্য দুটি ব্যাংক হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও সম্পদ ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৩ ঘ.
bdnews24