২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দক্ষিণ এশীয় পুঁজিবাজার সম্মেলন শুরু

পারস্পরিক তথ্য আদান-প্রদান বাড়াতে দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় পুঁজিবাজার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান। সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (এসএএফই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারস্পরিক তথ্য আদান-প্রদান বাড়াতে দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় পুঁজিবাজার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান। সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (এসএএফই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। উপদেষ্টা বলেন, "এ অঞ্চলকে একটি বড় অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর মাঝে বাণিজ্য সম্পর্ক ও তথ্যের আদান-প্রদান আরো বাড়ানো দরকার।" আজিজুল ইসলাম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার অর্থনীতির মেরুদণ্ড এবং দেশে শিল্পায়নের জন্য তহবিল প্রবেশের পথ হিসেবে এটা কাজ করে বলে উল্লেখ করেন তিনি। এসএএফই-এর মহাসচিব আফতাব আহমেদ জানান, তাদের এ উদ্যোগ এ অঞ্চলের দেশগুলোর বাজার নিয়ন্ত্রণ কাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে জানার পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য সুবিধা বাড়াতে দেশগুলোকে সহায়তা করবে। এসএএফই চেয়্যারম্যান ও বোম্বে স্টক একচেঞ্জের পরিচালক রজনিকান্ত প্যাটেল স্বাগত ভাষণে এই উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারসহ দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতি ধন্যবাদ জানান। ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, এসএএফই-এর ভাইস-চেয়ারম্যান ও ডিএসই'র ভাইস-প্রেসিডেন্ট আহমাদ রশিদ লালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আঞ্চলিক বাজার নিয়ন্ত্রণ কাঠামো, আন্তঃসীমান্ত বাণিজ্য ও বাজারগুলোর একীভূতকরণ, আন্তঃসীমান্ত বাণিজ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তার উপায়, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের ধরন এবং আঞ্চলিক বাজারগুলোকে একত্রীকরণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস এবং যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান, কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান, স্টক একচেঞ্জগুলোর প্রধান নির্বাহী, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্মকর্তা ও বাজার বিশেষজ্ঞরা তিন দিনের এই আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসএইচ/টিএইচ/এমএ/১৮৪৬ঘ.