২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত পূরণ সাপেক্ষে চালু হচ্ছে বেসরকারি আইসিডি পোর্ট লিংক

বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পোর্ট লিংক লজিস্টিক লিমিটেডকে শর্ত পূরণ সাপেক্ষে আগামী রোববার থেকে আবার কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পোর্ট লিংক লজিস্টিক লিমিটেডকে শর্ত পূরণ সাপেক্ষে আগামী রোববার থেকে আবার কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে বুধবার বিকেলে কাস্টমস কমিশনারের সঙ্গে আলোচনার পর বেসরকারি এই আইসিডিটির কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়। কাস্টমস কমিশনার (আমদানি) মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বায়ু দূষণ কমানোর শর্ত সাপেক্ষে পোর্ট লিংককে কার্যক্রম চালুর অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শর্তের বিষয়ে তারা বৃহস্পতিবার লিখিত অঙ্গীকার করলে আনুষ্ঠানিকভাবে তাদের অনুমতি দেওয়া হবে। শব্দ দূষণের কারণে বিএমএ'র আপত্তির মুখে গত ২৩ অক্টোবর ভাটিয়ারিতে বেসরকারি আইসিডি পোর্ট লংক বন্ধ করে দেওয়া হয়। পোর্ট লিংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শব্দ দূষণ কমানোসহ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে নিরাপদ দূরত্বে কার্যক্রম চালানোর শর্ত সাপেক্ষে কাস্টমস আবার পোর্ট লিংক চালুর অনুমতি দিয়েছে।" তিনি জানান, আগামী ১ মে'র মধ্যে বিএমএসহ পুরো এলাকায় শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদেরকে। পোর্ট লিংক শর্ত মেনে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শব্দ নিরোধক যন্ত্রপাতি স্থাপনসহ পুরো পদ্ধতি কার্যকর করবে। আপাতত আইসিডিটির আরেক দিকে বিএমএ থেকে নিরাপদ দূরত্বে আংশিক কার্যক্রম শুরু করা হচ্ছে বলে তিনি জানান। আহসানুল হক বলেন, "পোর্ট লিংক কর্তৃপক্ষ আগামীকালই (বৃহস্পতিবার) শর্ত মেনে নিয়ে কাস্টমসের কাছে অঙ্গীকারনামা দেবে।" কাস্টমসের সঙ্গে পোর্ট লিংকের সভায় কাস্টমস কমিশনার (আমদানি) মো. নাছির উদ্দিন ছাড়াও ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ বোর্ডের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১১ জুন চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাতের সময় পোর্ট লিংকের ভিতরে পানি ঢুকে যায়। এতে সেখানে রপ্তানির জন্য রাখা প্রায় শত কোটি টাকার তৈরি পোশাকসহ অন্যান্য মালামাল নষ্ট হয়। এরপর শব্দ দূষণে বিএমএর আপত্তির কারণ দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ ২৩ অক্টোবর পোর্ট লিংক বন্ধ করে দেয়। আহসানুল হক চৌধুরী জানান, জুনের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোর সঙ্গে তাদের সমঝোতা চলছে। বিদেশি ক্রেতাদের সঙ্গে যৌথ আলোচনার পর তারা এ ব্যাপারে সমঝোতায় পৌঁছেছেন। এর ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মামলার মধ্যে ৫/৬টি প্রত্যাহার করা হয়েছে। বিজিএমইএ এর এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ২০টি প্রতিষ্ঠান পোর্ট লিংকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২২১৩ ঘ.