ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন খাতে ঋণের সুদের হার কমানোর তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
সোমবার সকালে হোটেল শেরাটনে বিশ্বব্যাংক আয়োজিত 'আবাসন খাতের উন্নয়ন' শীর্ষক সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশে আবাসন শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকার ও বেসরকারি খাত সম্মিলিতভাবে এগিয়ে এলে ঢাকাসহ সারাদেশে নিম্ন ও মধ্যত্তিদের আবাসন সমস্যা অনেকটা কেটে যাবে।"
ঝুঁকির সম্ভাবনা মাথায় রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গৃহায়ন খাতে ঋণ দিচ্ছে না- মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, "মধ্য ও নিম্নবিত্তরা তাদের সীমাবদ্ধতার কারণে অল্প সময়ে ঋণ পরিশোধ করতে পারে না। এ কারণে ব্যাংকগুলো গৃহায়ন খাতে ঋণ দিতে আগ্রহ দেখায় না। কিছু প্রতিষ্ঠান এ খাতে ঋণ দিলেও সুদের হার তুলনামূলক বেশি।"
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "পার্শ্ববর্তী যে কোনো দেশেল তুলনায় বাংলাদেশে আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। ভারতে ১৯৯৮ সালে এ খাতে সুদের হার ছিল ১৬ শতাংশ। ২০০৩ সালে ১১ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। কিন্তু আমাদের দেশে এমনটি হচ্ছে না।"
গভর্নর আবাসন শিল্পের জন্য তিন ধরনের ট্যাক্স ও ভ্যাট নির্ধারণের জন্য সরকারকে পরামর্শ দেন।
তিনি বলেন, কম দামের আবাসনের জন্য কম ভ্যাট-ট্যাক্স, মধ্যম সারির অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে মধ্য ভ্যাট-ট্যাক্স ও বিলাসবহুল অ্যাপার্টমেন্টর জন্য উচ্চ কর আরোপ প্রয়োজন।
সেমিনারে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান জু স্বাগত বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১৩০ ঘ.
bdnews24