ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহের মতো রোববারও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা ও মেঘনার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। বাজারে আসার পর এদিনই প্রথম এ দুটো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালেহ উদ্দীন আহমেদ বলেন, "বিনিয়োগকারীদের আগ্রহে পরিবর্তন দেখা যাচ্ছে। তারা মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও তেল কোম্পানির শেয়ারের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন।"
রোববার বিদ্যুৎ খাতের শেয়ারেরও দাম বেড়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন ভালো ছিল। ব্যাংক খাতের দু-একটি প্রতিষ্ঠানও লাভের মুখ দেখেছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে ২৮৮২ দশমিক ৮৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ২৪২৯ দশমিক ০৬ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ২৩১০ দশমিক ৮৪ পয়েন্ট হয়।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১১৩ কোটি টাকার এক কোটি ৬ লাখ ৭৮ হাজার ৪২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ টাকা ৮০ পয়সা। যমুনা অয়েলের শেয়ারের দাম ৩ দশমিক ২২ শতাংশ বেড়ে ৩৬৭ টাকা ৭০ পয়সা হয়। সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৫০৫ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ২ শতাংশ বেড়ে হয়েছে ৬৭২ টাকা ৭৫ পয়সা।
এছাড়া মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৩৬৩ দশমিক ১০ পয়সা হয়েছে।
এদিন ব্র্যাক ব্যাংক ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারেরও দাম বেড়েছে। তবে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল পরফিউম কেমিকেলস, বিসিআইএল, এম হোসেন গার্মেন্টস, ম্যাক পেপার ও টিউলিপ ডেইরি। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল পিপলস ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বিওসি বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও পদ্মা অয়েল কোম্পানি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। এ বাজারে মোট ১৬ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার ১৭ লাখ ১৫ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭০টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
এ বাজারের সিএএসপিআই বা সার্বিক মূল্য সূচক ২১ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ৭৩৮৭ দশমিক ২৩ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে হয়েছে ৪৭৪৫ দশমিক ৫১ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৮ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে ৬৫৯০ দশমিক ৯৪ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24