২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আদালতের বাইরে সমঝোতা করতে বললেন অর্থ উপদেষ্টা

খেলাপি ঋণ আদায়ের জন্য আদালতের বাইরে গ্রাহকদের সঙ্গে সমঝোতা করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাপি ঋণ আদায়ের জন্য আদালতের বাইরে গ্রাহকদের সঙ্গে সমঝোতা করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। রোববার রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে বলেন, "রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খারাপ গ্রাহকদের পেছনে বেশি সময় ব্যয় করে। এর পরও ঋণ আদায় হচ্ছে না। আদালতের বাইরে খেলাপি গ্রাহকদের সঙ্গে সমঝোতা করলে খেলাপি ঋণের পরিমাণ কমবে।" আজিজুল ইসলাম বলেন, "রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো অদক্ষভাবে পরিচালিত হওয়ায় ব্যাংকের মোটা অংকের ঋণ আটকে আছে। এ সমস্যা দূর করতে সমন্বিত ব্যবস্থা নেওয়া যায় কিনা- তা সরকার বিবেচনা করছে।" রাষ্টায়ত্ত ব্যাংকগুলোর গ্রাহকসেবার মান মোটেও সন্তোষজনক নয়- মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, "বেসরকারি ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান অনেক ভালো। সে কারণে গ্রাহকরা বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান বাড়ানোর কোনো বিকল্প নেই।" জনতা ব্যাংকের চেয়ারম্যান সোহেল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। গভর্নর বলেন, "২০০৬ সালে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ শতাংশ। পরের বছর তা বেড়ে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। এটি মোটেও ভাল দিক নয়।" বড় বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেনও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআরডি/এসএনডি/২০৩৫ ঘ.