২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে মন্থর একটি সপ্তাহ

দরপতন আর লেনদেনে শ্লথ গতির মধ্য দিয়ে গত সপ্তাহের একটি বড় অংশ কাটিয়েছে দেশের পুঁজি বাজার। ব্যাতিক্রম ছিল শুধু সপ্তাহের শেষ দিন। গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। লেনদেনের ধরন দেখে বিশ্লেষকরা বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ নতুনভাবে বিন্যস্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন আর লেনদেনে শ্লথ গতির মধ্য দিয়ে গত সপ্তাহের একটি বড় অংশ কাটিয়েছে দেশের পুঁজি বাজার। ব্যাতিক্রম ছিল শুধু সপ্তাহের শেষ দিন। গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। লেনদেনের ধরন দেখে বিশ্লেষকরা বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ নতুনভাবে বিন্যস্ত হচ্ছে। গত সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ সোমবার বাজারের শুরুটা হয়েছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতনের মধ্য দিয়ে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি যমুনা ও মেঘনার শেয়ার। আশুরা উপলক্ষ্যে ছুটির কারণে গত রোববার শেয়ার বাজার ছিল বন্ধ। বাজার বিশ্লেষকদের মতে, খুচরো বিনিয়োগকারীদের পোর্টফোলিও পরির্বতনের প্রবণতার কারণে বাজার পড়ে যায়। এ কারণে ব্যাংকসহ চালু খাতগুলোর শেয়ারের দরপতন হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক নিট লাভের হিসাব নিরীক্ষা করে দেখার ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। এ বিষয়টিও সপ্তাহের শুরুতে বাজার পড়ে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ। বাজারের এই পতন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত চলে। নাম প্রকাশ না করার শর্তে শেয়ার বাজারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, "টাকা খাটানোর ক্ষেত্রে বিনিয়োগকারীরা তাদের পছন্দ পরিবর্তন করায় ব্যাংক খাতের শেয়ার গত সপ্তাহে অবস্থান হারিয়েছে। অন্যদিকে জ্বালানি ও মিউচুয়াল ফান্ড দ্রুত বিকশিত হচ্ছে।" এদিকে লেনদেন বাড়ায় যমুনা ও মেঘনার শেয়ারের চড়া দাম কমে এসেছে খানিকটা। বিশ্লেষকরা বলছেন, বাজারের গতি হারানোর পেছনে এ দুটি প্রতিষ্ঠানের শেয়ারও বড় ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, "গত সপ্তাহ শুরুর আগেই যমুনা ও মেঘনার শেয়ারের দাম বেশ চড়ে ছিল। বিনিয়োগকারীরা আকৃষ্ট হওয়ায় বেশ বড় অংকের টাকা বাজার থেকে তুলে নিয়ে গেছে প্রতিষ্ঠান দুটো। গত সপ্তাহে বিনিয়োগকারীরা যমুনা ও মেঘনার শেয়ার বিক্রি শুরু করায় দাম কমে আসলেও মূলধনের অভাবে ভুগেছে বাজার।" বৃহস্পতিবার বাজার অনেকটা ঘুরে দাঁড়ালেও মূলধনের অভাবের বিষয়টি মাথায় রেথে বাজার পুরোপুরি স্থিতিশীল হয়েছে বলে মনে করছেন না বিশ্লেষকরা। এদিকে ব্রোকার হাউজগুলোর মাধ্যমে বেআইনিভাবে শেয়ার লেনদেন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানান, 'সিকিউরিটিজ রুল' ভঙ্গের দায়ে গ্লোবাল সিকিউরিটিজ লি. নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পর বিষয়টি সবার নজরে আসে। গত সপ্তাহে লেনদেন তার আগের সপ্তাহের ৯৫১ কোটি টাকা থেকে ২১ দশমিক শূন্য ৭ শতাংশ কমে ৭৫০ কোটি টাকা হয়েছে। সপ্তাহের হিসেবে দৈনিক গড় লেনদেন কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। ১৯০ কোটি টাকা থেকে কমে গত সপ্তাহে হয়েছে ১৮৭ কোটি টাকা। ২১ জানুয়ারির বাজার মূলধন ছিল ৭৯ হাজার ৩২৬ কোটি টাকা। ২৪ তারিখে তা কমে ৭৭ হাজার ৮৩৩ কোটি টাকা হয়। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ডিজিইএন বা সাধারণ সূচক ২৯৫১ দশমিক ৯১ পয়েন্ট থাকলেও ৬৫ দশমিক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ২২ শতাংশ কমে শেষ দিনে তা ২৮৮৬ দশমিক ৪৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক সপ্তাহের প্রথম দিন ছিল ২৪৯০ দশমিক ২৩ পয়েন্ট। ৫৭ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ কমে বৃহস্পতিবার তা ২৪৩৩ দশমিক ১৫ পয়েন্ট হয়। গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে ছিল যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান। সবচে বেশি লাভ করেছে মেঘনা শ্রিম্প, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, ওয়াটা কেমিক্যালস, বি. মনোস্পুল পেপার ও ঢাকা ফিসারিজ। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল, জার্মান বাংলা ফুডস, ইউসিবিএল, ফাইডালিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক ও পূরবী জেনারেল ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএআর/জেকে/২১০৫ ঘ.