ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবা খাতে বিনিয়োগের নামে বাংলাদেশে আসা কিছু বিদেশি নাগরিক বৈদেশিক মুদ্রা পাচার ও মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল চেম্বর অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)।
বুধবার বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ জানান আইসিসিবি'র কর্মকর্তারা। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানান তারা।
আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, "সেবা খাতে বিনিয়োগের নামে কিছু বিদেশি নাগরিক দেশে আসছে। তারা কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের অনুমতি বা ব্যবসার জন্য যথাযথ ভিসাও নেয় না। এরা অর্থনীতিতে কোনো অবদানতো রাখেই না বরং মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ে সহায়তা করে থাকে।"
এ সমস্ত বিদেশি নাগরিক আলাদা বা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যুগ্মভাবে ফ্রেইট ফরওয়ার্ডিং, ভিসা প্রসেসিং, শিপিং এজেন্সি, বায়িং হাউজ, বিউটি পার্লার বা রেস্তোরাঁর মতো ব্যবসায় সম্পৃক্ত হচ্ছে বলে জানান মাহবুবুর রহমান।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বিদেশি ও স্থানীয় বিনিয়োগের একটি পরিসংখ্যান তৈরির জন্য বিনিয়োগ বোর্ডকে পরামর্শ দিয়েছে আইসসিবি।
বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করা ও বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে কর্মরত বিভিন্ন সংস্থাকে একই ব্যবস্থাপনার অধীনে আনারও আহ্বান জানান আসিসিবি সভাপতি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও আইসিসিবির ভাইস-প্রেসিডেন্ট লতিফুর রহমান, ডিসিসিআই এর সাবেক সভাপতি এ এস এম কাসেম ও আফতাব উল ইসলাম, বিজিএমইএ'র সাবেক সভাপতি আনিসুল হক ও বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য মোস্তাক উদ্দিন আহমাদ ও আবু রেজা খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24