ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বাজারদর অনুযায়ী পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি মোশরেফা মিশু এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জরুরি অবস্থার সুযোগ নিয়ে মালিকরা শ্রমিকদের শোষণ, নির্যাতন ও ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। গার্মেন্টস সেক্টর ২০০৬ সালের মে মাসের আগের অবস্থায় ফিরে গেছে। ফোরামের পক্ষ থেকে জরিপে দেখেছি, ঢাকা ও গাজীপুরে মাত্র ১৫ শতাংশ কারাখানায় ত্রিপক্ষীয় চুক্তি কার্যকর হয়েছে। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সাত শতাংশ কারখানাতেও চুক্তি বাস্তবায়ন হয়নি। অথচ গত বছরের ৩০ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল।
সব কারখানায় ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও বর্তমান বাজারদর অনুযায়ী শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করা হলে পোশাক খাতের বিদ্যমান সমস্যার ৯০ ভাগই সমাধান হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্ধ কারখানাগুলো অবিলম্বে খুলে দেওয়া, মাতৃকালীন ছুটি ১২০ দিন করা, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন এবং সব শ্রমিক নেতা ও শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১৩০ ঘ.
bdnews24