২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় শিল্প রক্ষায় নীতিমালা তৈরির তাগিদ তৌফিক আলীর

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় শিল্প রক্ষার নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় শিল্প রক্ষার নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী। বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) আয়োজিত 'প্রতিযোগিতা নীতিমালা ও ডব্লিউটিও: বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। মতিঝিলে সমিতির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তৌফিক বলেন, ''তীব্র প্রতিযোগিতাপূর্ণ বর্তমান বিশ্ববাজারে টিকে থাকতে হলে একদিকে যেমন পণ্যের গুণগত মান বাড়াতে হবে, অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষার জন্য একটি কার্যকর নীতিমালা প্রয়োজন। বিশ্বের ৬১টি উন্নত ও উন্নয়নশীল দেশ ইতোমধ্যে তাদের শিল্প রক্ষার জন্য নীতিমালা করেছে। কিন্তু বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো নীতিমালা করেনি।" তিনি বলেন, "তাড়াহুড়া না করে সময় নিয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দিয়ে নীতিমালা তৈরি করতে হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নীতিমালা করতে হবে।" এফবিসিসিআই-এর প্রশাসক সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক এ কে এম ফজলুর রহমান। তিনি বলেন, ১৫ কোটি মানুষের এই দেশে জমির পরিমাণ খুবই সীমিত। সে কারণে শুধু কৃষির উপর নির্ভর করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সত্যিকার অর্থে দেশের উন্নয়ন করতে হলে শিল্প খাতের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ কারণেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য স্থানীয় শিল্প রক্ষার জন্য নীতিমালা তৈরি এখন জরুরি হয়ে দেখা দিয়েছে বলে তিনি জানান। তৌফিক আলী আরও বলেন, এ নীতিমালা তৈরি হলে একদিকে যেমন স্থানীয় বাজারে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা সম্ভব হবে, অন্যদিকে তেমনি রপ্তানি বাড়াতেও সহায়ক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৫৭ ঘ.