ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর পর তৃতীয় দিনের মতো বুধবার শেয়ার বাজারে দর পতন হয়েছে। বাজারে পুনর্বিন্যাস প্রক্রিয়া চলার কারণেই এই দরপতন বলে অভিমত বাজার বিশ্লেষকদের। এ দিন লেনদেন তালিকার প্রথম দিকে ছিল সরকারি তেল কোম্পানি, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের শেয়ার।
পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "বাজার সংশোধনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বাজারের অবস্থা যথেষ্ট নাজুক।" বাজারের সার্বিক অবস্থা নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত। যে কারণে তারা বিনিয়োগের ব্যাপারে দ্বিধায় ভুগছেন বলে জানান তিনি।
তিনি জানান, বাজার তহবিল সংকটে ভুগছে। সরকার মেঘনা ও যমুনার শেয়ার বিক্রির মাধ্যমে যথেষ্ট তহবিল সংগ্রহ করেছে এবং তা আবার বিনিয়োগ না করায় এ সঙ্কট দেখা দিয়েছে। বাজারে সমস্যা থাকায় এমনটি হয়েছে বলে জানান তিনি।
সাইদের সঙ্গে সহমত প্রকাশ করে ডিএসই'র প্রধান নির্বাহী সালাহ উদ্দীন আহমেদ খান বলেন, "বাজারের পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত, তাই তারা নিরাপদ অবস্থানে থাকতে চাইছেন। আর এ কারণেই বাজারে তহবিল সঙ্কট দেখা দিয়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৫ দশমিক ১৬ পয়েন্ট বা এক দশমিক ৫৪ শতাংশ কমে ২৮৮০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৬ দশমিক ০৭ পয়েন্ট বা এক দশমিক ৪৬ শতাংশ কমে হয়েছে ২৪২৮ দশমিক ০১ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪১ দশমিক ০৮ পয়েন্ট বা এক দশমিক ৭৩ শতাংশ কমে ২৩২০ দশমিক ৩৫ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭০ কোটি টাকার ৮৪ লাখ ৩৫ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম দশমিক ৬৮ শতাংশ কমে হয়েছে ৩৬২ টাকা ৫০ পয়সা। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ৩ দশমিক ৬৩ শতাংশ কমে ৩৬০ টাকা ৮০ পয়সা হয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ০৮ শতাংশ কমে ১৪৮৮ টাকায় পৌঁছায়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার ২ দশমিক ৯৬ শতাংশ কমে ১৫০৩ টাকা ৫০ পয়সা হয়। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ৩২ শতাংশ কমে ৯০ টাকা ৮০ পয়সা হয়।
ডিএসইতে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবিএল ও ডেসকোর শেয়ারের দামও কমেছে।
লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ওয়াচ কেমিক্যালস, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, মনসপুল পেপার, মেঘনা শ্রিম্প ও আজিজ পাইপস। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল গ্রামীণ বাংলা ফুডস, থেরাপিউটিকস, ফেডারেল ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিডিকম অনলাইন লিমিটেড।
সিরামিক, জ্বালানি ও বিবিধ খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৩ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার ১৬ লাখ ৬৭ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০৪টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১০৬ দশমিক ০৪ পয়েন্ট বা এক দশমিক ৫৬ শতাংশ কমে ৭৩৯৮ দশমিক ২১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭২ দশমিক ৬৮ পয়েন্ট বা এক দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে ৪৭৫০ দশমিক ২৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১০৫ দশমিক ১৬ পয়েন্ট বা এক দশমিক ৫৬ শতাংশ কমে ৬৬২১ দশমিক ২৩ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৯০৫ঘ.
bdnews24