ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। বুধবার দিনের শুরুতে পতনশীল সূচক কিছুক্ষণের জন্য ঊর্ধ্বমুখী হলেও মাঝবেলায় এসে আবারো পড়তে শুরু করে।
এদিন ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, বিদ্যুৎ, ও রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানির শেয়ার ছিল লেনদেনে নিয়ন্ত্রকের আসনে।
বেলা ১২টা ৫৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বা ডিজিইএন ৪২ দশমিক ৬৫ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ কমে দুই হাজার ৮৮৩ দশমিক ৩৫ পয়েন্ট হয়। ডিএসআই বা শেয়ারের সার্বিক সূচক ৩৪ দশমিক ১৮ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ পড়ে দুই হাজার ৪২৯ দশমিক ৯১ পয়েন্ট হয়।
বাজারে মোট ৫৫ লাখ ৪৮ হাজার ২৪৯টি শেয়ার লেনদেন হয় টাকার অঙ্কে যার মূল্য ১১৮ কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টি প্রতিষ্ঠানের, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেলা ১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েলের শেয়ার। তবে কিছু সময় পরে এর শেয়ার মঙ্গলবারের তুলনায় কিছুটা কমে ৩৫৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এর পরে থাকা মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দামও ৩৭৪ টাকা ৪০ পয়সা থেকে কমে হয় ৩৫৩ টাকা ৯০ পয়সা।
কমা অব্যাহত রয়েছে গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম। মঙ্গলবার এ প্রতিষ্ঠানের প্রতি শেয়ার ৯১ টাকা ১০ পয়সায় লেনদেন হলেও বুধবার এসে দাঁড়ায় ৯০ টাকা ৯০ পয়সায়।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৫০৪ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ৪৬০ টাকায় লেনদেন হচ্ছে। দাম কমেছে এবি ব্যাংকের শেয়ারেরও। দুই হাজার ৭৮৯ টাকা থেকে কমে এর শেয়ার কেনাবেচা হচ্ছে দুই হাজার ৭৪১ টাকায়।
লেনদেনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানের মধ্যে এনবিএল, ইসলামী ব্যাংক, ইউসিবিএল, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ও ডেসকোর শেয়ারের দাম পড়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /আরএইচএন/এএল/এসকে/১৪৩৫ঘ.
bdnews24