২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় পুঁজিবাজারে দরপতন

সোমবারের পর মঙ্গলবারও দরপতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত ব্যাংকিং খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়া এবং বিদ্যুৎ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার কারণে বাজারে মূল্যসূচকে পতন ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের পর মঙ্গলবারও দরপতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত ব্যাংকিং খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়া এবং বিদ্যুৎ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার কারণে বাজারে মূল্যসূচকে পতন ঘটে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ দরপতনের এই ঘটনাকে বিনিয়োগকারীদের বিনিয়োগে মনোভাবের পরিবর্তন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের মনোভাবে পরিবর্তন আনছেন। আর এটি দিনের লেনদেনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর আগে টানা তিনদিন ছুটির পর সোমবারও দরপতনের মুখে পড়ে ঢাকার পুঁজিবাজার। অন্যদিকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ব্রোকার হাউজগুলোর মাধ্যমে বেআইনি ভাবে কোনোরকম শেয়ার লেনদেন হচ্ছে কি না- এ বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে। বাজার তদারকি এই সংস্থা 'সিকিউরিটিজ রুল' ভঙ্গের দায়ে গ্লোবাল সিকিউরিটিজ লি. নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পর পরই বিষয়টি সবার নজরে আসে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানিয়েছেন, তারা এ ধরনের অনিয়মের বিষয় খতিয়ে দেখার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছেন। সংস্থাটির প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদও বিষয়টির সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোরেরর কাছে স্বীকার করেছেন। সাধারণ সূচকে পতনের মধ্যদিয়ে দিনের শুরুতে লেনদেন শুরু হলেও মাঝ বেলায় বাজার ছিল মোটামুটি স্থিতিশীল। তবে পতনের মধ্য দিয়েই শেষ হয় মঙ্গলবারের শেয়ার লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (জিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২২ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ৯২৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৪৬৪ দশমিক ৬৯ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ৩৬১ দশমিক ৪৪ পয়েন্ট হয়। ডিএসইতে ১৪৩ কোটি টাকার ৬৫ লাখ ৭৯হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনের লেনদেনে প্রধান ভূমিকায় ছিল বিদ্যুৎ, ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এদিন ব্যাংকিং খাতের বেশিরভাগ শেয়ারের দাম কমলেও দ্বিতীয় দিনের মতো বেড়েছে বিদ্যুৎ খাতের শেয়ারের দাম। তালিকার শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম ছয় দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে তিন হাজার ৭৫১ টাকা ৭৫ পয়সা। এর পরেই ছিল এবি ব্যাংকের শেয়ার। এর শেয়ারের দাম দশমিক ৫৭ শতাংশ কমে দুই হাজার ৭৮৯ টাকা হয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দুই দশমিক ১৭ শতাংশ কমে এক হাজার ৫০৪ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। তবে বিদ্যুৎ খাতের ডেসকোর শেয়ারের দাম পাঁচ দশমিক ০৭ শতাংশ বেড়ে এক হাজার ১১২ টাকা ৭৫ পয়সা হয়। এদিকে, রাষ্ট্রায়ত্ত যমুনা ব্যাংকের শেয়ারের দরপতনের ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার এর শেয়ার ১১ দশমিক ৮৯ শতাংশ কমে ৩৬৫ টাকায় লেনদেন হয়। লেনদেনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইসলামী ব্যাংকের দাম কমেছে। বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ও এনবিএল এর দাম। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড, ফাইন ফুডস, ওন্ডারল্যান্ড টয়েস, ঢাকা ফিশারিজ অ্যান্ড ইস্টল্যান্ড ইন্সুরেন্স ও ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল গ্রামীণ বাংলা ফুডস, যমুনা ওয়েল, ডাচ বাংলা ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও বেঙ্গল ফাইন সিরামিকের শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৭২৭ঘ.