ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার মুদ্রা বাজারে কলমানি সুদের হার হঠাৎ করে অনেকখানি বেড়ে যায়। সুদের হার বেড়ে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ওঠে। সোমবারই তা ছিল ২ থেকে ৪ শতাংশের মধ্যে।
হঠাৎ করে এ সময়ে কলমানি সুদের হার বাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ব্যাংকাররা।
সাধারণত দুই ঈদকে সামনে রেখে বাজারে নগদ অর্থের সংকট দেখা দিলে কলমানি সুদের হার বেড়ে যায়। তবে গত কোরবানি ঈদে এ হার এত বাড়েনি, সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যন্ত উঠেছিল। এর আগে ঈদকে সামনে রেখে কলমানির সুদের হার ৮০ শতাংশ পর্যন্ত উঠতে দেখা গেছে।
কলমানি হচ্ছে ব্যাংকগুলোর নিজেদের প্রয়োজনের সময় স্বল্প সময়ের জন্য নেওয়া ঋণ। আর্থিক প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার নিয়ে থাকে।
এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশী ব্যাংক সিটি ব্যাংক এন এ-র কান্ট্রি ট্রেজারার বাশার তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরাও এ অসময়ে কলমানি রেট বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর বিধিবদ্ধ নগদ আমানত (সিআরআর) জমা রাখার কারণে আকস্মিকভাবে সুদের হার বেড়ে গিয়ে থাকতে পারে।''
তিনি জানান, প্রতি ১৪ দিনের মাথায় ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের ৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদ (সিআরআর) জমা রাখতে হয়। এই ১৪ দিনের আগে যে কোনো দিন ৪ শতাংশ পর্যন্ত সিআরআর জমা রাখা যায়। তবে ১৪ দিনের দিন সবমিলিয়ে ৫ শতাংশ সিআরআর কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার বিধান রয়েছে। সোমবার ছিল এর শেষ দিন।
সোমবার ব্যাংকগুলোকে একটি মোটা অংকের নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়েছে। এ কারণে মঙ্গলবার কিছু কিছু ব্যাংকে নগদ অর্থের সংকট দেখা দেওয়ায় তারা অন্য ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। বর্ধিত চাহিদার কারণে কলমানি রেট ২২ শতাংশ পর্যন্ত উঠে যায় বলে বাশার তারেক জানান।
এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেও কলমানি সুদের হার বেড়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই বলে বাশার তারেক জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কোরবানির ঈদের আগে কলমানি সুদের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এর আগের ঈদে উঠেছিল ৮০ শতাংশ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৯ঘ.
bdnews24