ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মতো কম সুদে কৃষিঋণ বিতরণের জন্য বেসরকারি ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আগামী বোরো মৌসুমে বাম্পার ফলনের জন্য একটি সমন্বিত উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।
চলতি ২০০৭-২০০৮ অর্থবছরে কৃষিঋণ বিতরণের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে রোববার সকালে সাংবাদিকদের এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনি বলেন, "প্রথমবারের মতো এবার বেসরকারি ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে এগিয়ে এসেছে। চলতি অর্থবছরে তাদের এক হাজার তিনশ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত তারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে।"
তবে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ে বেসরকারি ব্যাংকগুলোর কৃষিঋণের সুদের হার অনেক বেশি বলে জানান নজরুল হুদা।
তিনি বলেন, "বেসরকারি ব্যাংকগুলো ১৩ শতাংশের বেশি সুদে কৃষিঋণ দেয়, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুদের হার ৮ থেকে ৯ শতাংশ।"
সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় এনে বেসরকারি ব্যাংকগুলোকেও কৃষিঋণের সুদের হার কমিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নজরুল হুদা বলেন, "পর পর দু'দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশে আমন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষি ঋণ জোরদার করতে হবে। পাশাপাশি সেচ, সার ও ডিজেলের কারণে বোরো চাষে যাতে সমস্যা না হয়, সে জন্য এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।"
ডেপুটি গভর্নর জানান, চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার চারশ কোটি টাকা। প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) বিতরণ হয়েছে তিন হাজার নয়শ' কোটি টাকা যা লক্ষ্যমাত্রার ৪৭ শতাংশ। গত এক মাসেই (ডিসেম্বর) এক হাজার পাঁচশ কোটি টাকা কৃষিঋণ বিতরণ হয়েছে।
ব্যাংকগুলোতে প্রায় ১৫ হাজার কোটি টাকা অলস পরে আছে জানিয়ে ডেপুটি গভর্নর বলেন এ অর্থ যাতে কৃষিসহ উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় সেজন্য ব্যাংকগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসএনডি/এসকে/১৮৫৬ঘ.
bdnews24