২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি সুযোগ নিয়েও পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরও বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। রাষ্ট্রায়ত্ত বাংকগুলোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরও বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। রাষ্ট্রায়ত্ত বাংকগুলোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে অগ্রণী বাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, "গ্রাহকদের টাকা নিয়ে খবরদারি করা বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। ব্যাংকগুলোর কাজ হচ্ছে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা।" তিনি আরো বলেন, "ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবার মনোবৃত্তি নিয়েই বাংকগুলোকে কাজ করতে হবে।" মির্জ্জা আজিজুল বলেন, "নিয়ম আছে কোনো গ্রাহক ৭ লাখ টাকার ওপরে টাকা তুললে সংশ্লিষ্ট ব্যাংকের তরফ থেকে কেন্দ্রীয় বাংককে তা জানাতে হবে। অথচ ব্যাংকগুলো এ তথ্য বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে গ্রাহকদের নানা প্রশ্ন করে অযথা হয়রানি করে।" অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, অর্থ সচিব মো তারেক ও অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ। গভর্নর বলেন, শীর্ষ ঋণ খেলাপীদের মামলাগুলো অর্থ ঋণ আদালতে আটকে আছে। এ টাকা আদায়ের জন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। ব্যাংক ঋণের সুদের হার কমানোর তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গৃৃহায়নের মতো গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করে ব্যাংকগুলোকে ঋণ দিতে হবে। সে সঙ্গে আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান কমাতে হবে। গভর্নর বলেন, অগ্রণী ব্যাংকে ২৫ হাজার সার্টিফিকেট মামলায় আটকে আছে মাত্র ২৫ কোটি টাকা। অথচ অর্থঋণ আদালতে মামলার সংখ্যা কম হলেও খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। শীর্ষ ঋণ খেলাপিদের বিশাল অংকের টাকা আটকে আছে অর্থঋণ আদালতে। বড় ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্যাংকগুলোকে আইনি কাঠামো জোরদার করার আহ্বান জানান গভর্নর। এ প্রসঙ্গে তিনি বলেন, সার্টিফিকেট মামলায় গরীব কৃষকদের কাছে সামান্য টাকা পড়ে আছে। আর বড় বড় ঋণ খেলাপিদের কাছে হাজার হাজার কোটি আটকে আছে। এ কারণে ব্যাংকগুলোকে 'ষাঁড়ের লেজ না ধরে মাথা ধরে' টান দিতে হবে। তাহলেই ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমবে বলে মন্তব্য করেন গভর্নর । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জেকে/এমএ/এসকে/২২৪৪ ঘ.