ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত যমুনা তেল কোম্পানির শেয়ারের ওপর ভর করে সপ্তাহের শেষ দিনেও চাঙা ছিল শেয়ার বাজার। ব্যাংক, বিদ্যুৎ, বীমা ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দামও বৃহস্পতিবার বেড়েছে।
বাজারে প্রবেশের প্রথম দিনেই বুধবার যমুনার শেয়ারের দাম বেড়ে সর্বোচ্চ ৯৫২ টাকায় ওঠে। দিন শেষ করে ৬০০ টাকায়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা কমলেও লেনদেন হয়েছে অনেক বেশি। দিন শেষে ১১ দশমিক ৬৮ শতাংশ কমে যমুনার শেয়ারের দাম হয় ৫২৯ টাকা ৯০ পয়সা। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৩৫ লাখ শেয়ার বাজারে ছেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যস্ততাকারী একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে ব্যবসায়ীরা যমুনার শেয়ারের ব্যাপারে একটু বেশি মাত্রায় আগ্রহী। বিনিয়োগকারীদের অতিরিক্ত উৎসাহের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে কিছু ব্যবসায়ী ঝুঁকির মুখে পড়বেন।"
দিনের শুরুতে ঢাকার পুঁজি বাজারে সূচকের মান বাড়তে শুরু করলেও দুই ঘণ্টা পর তা নেমে যায়। তবে ক্ষতি কাটিয়ে চাঙাভাবেই দিন শেষ হয়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ২৯৯৩ দশমিক ১৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে হয়েছে ২৫২২ দশমিক ৭৪ পয়েন্ট।
তবে ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ১২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে ২৪৩৬ দশমিক ৬৭ পয়েন্ট হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪২ কোটি টাকার ৭৬ লাখ ৬৯ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে একশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে একশটির ও অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়ে হয়েছে ২৭৫৮ টাকা ৫০ পয়সা। এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৭ শতাংশ বেড়ে ২৭৮৫ টাকা ২৫ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ারের দাম ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৪৬১১ টাকা ৫০ পয়সায় পৌঁছায়।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৫১৩ টাকা হয়। তবে বিওসি বাংলাদেশের শেয়ার ২ দশমিক ৩৭ শতাংশ কমে ৩০৮ টাকা ৭০ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল এম হোসেন গার্মেন্টস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস ও ইউসিবিএল। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ইর্স্টান লুব্রিকেন্টস, পদ্মা সিমেন্ট, রহিমা ফুড, ম্যাক এন্টারপ্রাইজ ও কেয়া ডিটারজেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২১ কোটি ১৪ লাখ ২১ হাজার টাকার ২৭ লাখ ৪১ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৪টি ও অপরিবর্তিত ছিল ১১টির দাম।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৭ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ৭৬০৫ দশমিক ৫৫ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৮৪ দশমিক ৬২ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৬৮৯১ দশমিক ৯০ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএআর/এসএনডি/এমএ/২২১৫ঘ.
bdnews24