২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক-আইএমএফ দেশ চালায় না, চালাই আমরা: গভর্নর

চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে পূর্বাভাস দিয়েছে তার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্বব্যাংক-আইএমএফ দেশ চালায় না। তারা ঢাকায় বসে কয়েকজন লোকের সঙ্গে আলাপ করে পরিসংখ্যান দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে পূর্বাভাস দিয়েছে তার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্বব্যাংক-আইএমএফ দেশ চালায় না। তারা ঢাকায় বসে কয়েকজন লোকের সঙ্গে আলাপ করে পরিসংখ্যান দেয়। অবশ্য প্রবৃদ্ধির হার সম্পর্কে আগের দেওয়া পূর্বাভাস থেকে নিজেও সরে এসেছেন তিনি। গভর্নর বলেছেন, এবার প্রবৃদ্ধির হার ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। গত ১৯ ডিসেম্বর তিনি বলেছিলেন, এই হার ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। চলতি অর্থবছরের (২০০৭-০৮) জানুয়ারি-জুন মেয়াদের আগাম মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব কথা বলেন। তিনি বলেন, "পর পর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে কৃষিখাতসহ অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ঋণপ্রবাহ বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ কারণে এবার প্রবৃদ্ধি কিছু কমবে। তবে তা ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যেই থাকবে।" এদিকে বুধবার বিশ্বব্যাংকের 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ২০০৮' প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ছয় শতাংশ থেকে সাড়ে ৫ শতাংশে নেমে আসতে পারে। আর আইএমএফ গত অক্টোবরেই অর্থমন্ত্রণালয়কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছিল, চলতি অর্থবছর প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। বিশ্বব্যাংক ও আইএমএফ এর এই পূর্বভাসের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ ক্ষোভের সঙ্গে বলেন, ''বিশ্বব্যাংক-আইএমএফ দেশ চালায় না, চালাই আমরা। তারা ঢাকায় বসে কয়েকজন লোকের সঙ্গে আলাপ করে পরিসংখ্যান দেয়। আর আমরা দেশের সার্বিক বিষয় পর্যালোচনা করে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দিচ্ছি। বিশ্বব্যাংক-আইএমএফ কি বললো সেটা বড় কথা নয়।'' চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ শতাংশ। আর গত ২০০৬-০৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ। গত ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ১৯ ডিসেম্বর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেছিলেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৭৪৩ঘ.