বেনাপোল, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল কাষ্টমস হাউজে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৭১৯ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
২০০৭-০৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৫৪ কোটি ৪২ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার-১ মাহাবুবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের শেষ ভাগ থেকে বন্দরের অনিয়ম, দুর্নীতি বন্ধ করা সম্ভব হওয়ায় রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে।
শুল্ক কর্মকর্তারা জানান, গত বছরের আগস্ট মাস থেকে যৌথ বাহিনীর তদারকিতে বেনাপোল কাষ্টমস হাউজে একটি মনিটরিং সেল কাজ শুরু করে। এর ফলে শুল্ক ফাঁকি দিয়ে রাতের আঁধারে চালান বের করে নিয়ে যাওয়ার ঘটনা প্রায় বন্ধ হয়ে গেছে। তাছাড়া বন্দর কর্মকর্তাদের দুর্নীতিও কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/
bdnews24