ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগ ও বাণিজ্যের একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুলিশ সপ্তাহ ২০০৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
একটি সৎ ও আলোকিত পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার জন্যও পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এখন খুবই জরুরি। আর এ জন্য সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা বিধান করাও সমান গুরুত্বপূর্ণ।
পণ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা তাদের কাঙ্খিত দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশেষত তৈরি-পোশাক খাতে বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ফখরুদ্দীন আহমদ।
এজন্য শিল্পাঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার মাধ্যমে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এজন্য এখনই জনগণের আস্থা অর্জনের ব্যাপারে পুলিশ বাহিনীর সদস্যদের তাগিদ দেন ফখরুদ্দীন আহমদ।
পুলিশের সব পর্যায়ে তত্ত্বাবধান বাড়াতে এবং 'চেইন অফ কমান্ড' নিশ্চিত করার মাধ্যমে অধস্তনদের প্রতিকূলতা ও সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
পুলিশ আইনের সংস্কার ও ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ এর খসড়া তৈরির বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি যুগোপযোগী পুলিশ আইন তৈরির কাজ চলছে।
যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, অতিরিক্তি মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা ও পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ সুপার গোলাম রসুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২০২০ ঘ.
bdnews24