ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এখন আর কোনো ঋণ খেলাপি নেই জানিয়ে রাইট শেয়ার ঘোষণার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমতি চেয়েছে সামিট পাওয়ার।
শনিবার সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ফজলুল হক ইতোমধ্যে পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে। ফলে এসপিএল-এ এখন আর কোনো খেলাপী পরিচালক বা উদ্যোক্তা নেই।
গত বছর ২৯ সেপ্টেম্বর এক জরুরি সাধারণ সভায় প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে চারটি রাইট শেয়ার ঘোষণার সিদ্ধান্ত নেয় এসপিএল। কিন্তু প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ ফজলুল হক ঋণ খেলাপী হওয়ায় এসইসি তাদের রাইট শেয়ার ইস্যুর আবেদন গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসইসির অনুমোদন পেলেই সাধারণ সভার মাধ্যমে এসপিএল এর রাইট শেয়ার ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআরএফ/টিএইচ/জেকে/১৬০৫ ঘ.
bdnews24