২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটোখাটো উত্থান পতনে কেটেছে শেয়ার বাজারের সপ্তাহ

ছোটোখাটো কিছু উত্থান পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহটি পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দৈনিক গড় লেনদেন ও সূচক খানিকটা কমলেও সপ্তাহের মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। সপ্তাহ জুড়ে ব্যাংক, বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যাল ও বীমা কোম্পানির শেয়াররেই আধিপত্য ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছোটোখাটো কিছু উত্থান পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহটি পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দৈনিক গড় লেনদেন ও সূচক খানিকটা কমলেও সপ্তাহের মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। সপ্তাহ জুড়ে ব্যাংক, বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যাল ও বীমা কোম্পানির শেয়াররেই আধিপত্য ছিল। বছরের শেষ দিন বন্ধ থাকায় গত সপ্তাহে শেয়ার বাজারে লেনদেন হয়েছে মাত্র চারদিন। গেল সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ৩৯২ কোটি টাকা থেকে বেড়ে ৪৯৩ কোটি টাকা হয়েছে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তহের ১৩০ কোটি ৯০ লাখ থেকে কমে ১২৩ কোটি ৪০ লাখ টাকা হয়েছে। এ সপ্তাহে মোট ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম। লেনদেনের তালিকায় শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। সপ্তাহের শুরুতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ছিল ৩০২৪ দশমিক ৮০ পয়েন্ট। আর সপ্তাহ শেষে তা ১ দশমিক ৫ শতাংশ বা ৪৫ দশমিক ৩১ পয়েন্ট কমে ২৯৭৯ দশমিক ৪৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক সপ্তাহের শুরুর দিনে ২৫৪৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে শেষ হলেও সপ্তাহ শেষে ১ দশমিক ৪৯ শতাংশ বা ৩৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে হয়েছে ২৫০৮ দশমিক ১৩ পয়েন্ট। দেশের প্রধান পুঁজিবাজারের মূলধনের পরিমাণ গত ৩০ ডিসেম্বরের ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা থেকে বেড়ে জানুয়ারি ৭৫ হাজার ৪৩৯ কোটি টাকা হয়েছে। গেল সপ্তাহে সবচে বেশি মুনাফা করেছে বিডি জিপার, ওয়াটা কেমিক্যালস, এক্সসেলসিওর শুজ, ম্যাক পেপার এবং গাচিহাটা অ্যাকুয়াকালচার। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স ওয়েভিং, ইউসিবিএল, পূরবী জেনারেল ইন্সুরেন্স ও সিটি জেনারেল ইন্সুরেন্স সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার বাজারে আসার তারিখ ঘোষণা। এছাড়া দেশের সবচে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরই পুঁজিবাজারে আসবে বলে ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন বেশ কিছু পদক্ষেপ নেয়। বছরের প্রথম দিন আইএফআইসি ব্যাংকে থাকা সরকারের শেয়ার ছাড়ার জন্য আইন সংশোধনের ঘোষণা আসে। একই দিনে ডেল্টা ব্র্যাক হাউজিংকে ৫ লাখ অর্ডিনারি শেয়ার ছাড়ার অনুমতি দেয় এসইসি। সামিট পাওয়ারের একজন পরিচালক ঋণ খেলাপী হওয়ায় প্রতিষ্ঠানটিকে রাইট শেয়ার ইস্যু করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। এছাড়া আইন ভাঙার অভিযোগে ফাইন ফুডস লি. এর চেয়ারম্যান ও ছয় পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএআর/জেকে/২৩৩৪ ঘ.