২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় কোটি মানুষকে বিনামূল্যে চাল দিন: আকবর আলি খান

বর্তমান খাদ্য সংকট মোকাবেলায় কমদামে খোলা বাজারে চাল বিক্রির পাশাপাশি দেশে এক থেকে দেড় কোটি গরিব মানুষকে বিনামূল্যে চাল সরবরাহের প্রস্তাব করেছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 06:06 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

আবদুর রহিম হারমাছি সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান খাদ্য সংকট মোকাবেলায় কমদামে খোলা বাজারে চাল বিক্রির পাশাপাশি দেশে এক থেকে দেড় কোটি গরিব মানুষকে বিনামূল্যে চাল সরবরাহের প্রস্তাব করেছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবদুর রহিম হারমাছিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন "দু'দফা বন্যা, সিডরের কারণে দেশে খাদ্য উৎপাদন অনেক কম হয়েছে। এ ঘাটতি মোকাবিলায় যে পরিমাণ খাদ্য আমদানির প্রয়োজন ছিল, সরকার তা সময়মতো করেনি। অন্যদিকে, ব্যবসায়ীরা সরকারের এ দুর্বলতার সুযোগ নিয়েছে।" বিনামূল্যে চাল সরবরাহ সম্পর্কে তিনি বলেন, "আমার এ প্রস্তাবে অনেকে চোখ উল্টাতে পারেন। কিন্তু এটা মোটেই নতুন কোনো প্রস্তাব নয়। চলতি ২০০৭-০৮ অর্থ বছরের বাজেটেও ২৫ লাখ গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহের কথা বলা আছে। আমি বর্তমান সংকটের কথা বিবেচনা করে এ সংখ্যা বাড়িয়ে এক থেকে দেড় কোটি করার প্রস্তাব করছি মাত্র।" আকবর আলি খান বলেন, "৩৫ টাকা কেজিতে চাল কিনে গরিব মানুষের বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। মানবিক বিষয় বিবেচনা করে জরুরিভিত্তিতে সরকারের উচিত তাদের কাছে বিনামূল্যে খাদ্য পৌঁছে দেওয়া।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগ, বিএনপি সরকারের সময় ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির মাধ্যমে গরিবদের বিনামূল্যে চাল পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বাজেটেও সামাজিক নিরাপত্তা বেষ্টনির কর্মসূচির মাধ্যমে গরিবদের নানাভাবে সহায়তা দেওয়া কথা বলা আছে।" প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমানে সরকারি গুদামে যে পরিমান খাদ্য মজুদ আছে, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। জরুরিভিত্তিতে আমদানির মাধ্যমে খাদ্য মজুদ বাড়াতে হবে। যে করেই হোক, যে কোনো দেশ থেকে হোক না কেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে খাদ্য মজুদ বাড়াতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে আমাদের বড় ধরনের মাশুল দিতে হবে। তাই সরকারকে সতর্কতার সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।" আকবর আলি খান বলেন, "আমি গত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সেমিনার ও টেলিভিশনের টক শো-তে দেশে কৃষি উৎপাদন বাড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলে আসছি। কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও বটে। কিন্তু স্বল্প মেয়াদেও কৃষি উৎপাদন বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া যায়। দুঃখজনক হলেও সেগুলো লক্ষ্য করা যাচ্ছে না।" তিনি বলেন, "ব্যবসায়ীরা ভারতে চালের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে আগে আমদানি করা চালের দামও ইচ্ছে মতো বাড়িয়েছে। আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এক সপ্তাহের ব্যবধানে সাধারণ মানুষকে প্রতি কেজি চাল ১০ থেকে ১২ টাকা বেশি দামে কিনে হিমশিম খেতে হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়।" সরকারকে পরামর্শ দিয়ে আকবর আলি বলেন, "খাদ্য আমদানি ও স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া বর্তমান সংকট মোকাবেলা করা খুবই কঠিন হবে। সেজন্য এখন থেকেই কৃষি উৎপাদন বাড়াতে নানামুখী তৎপরতা চালাতে হবে। এছাড়া আমদানি বাড়ানোর দিকেও জোর দিতে হবে। তবে আমাদের স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোই বেশি জরুরি, যাতে আমরা আস্তে আস্তে আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/বিআর/এমএআর/এমএ/এমএইচবি/২২৩৭ ঘ.