২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটের কাজ শুরু করেছে এনবিআর

আগামী ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব বাজেট তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব বাজেট তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "প্রতিবার মে-জুন মাসে তাড়াহুড়ো করে বাজেট করা হতো। কিন্তু এবার আমরা জানুয়ারি থেকেই এ কাজ শুরু করে দিয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যে বাজেট প্রণয়ন সংক্রান্ত সব কাজ শেষ করা হবে। এর পর জুন মাসে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।" প্রতিবার ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর মাধ্যমে এনবিআর এর কাছে প্রস্তাব বা মতামত দিত দেশের বিভিন্ন জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন। ওই প্রস্তাবের ভিত্তিতেই বাজেট প্রণয়নের কাজ করত রাজস্ব বোর্ড। কিন্তু এবার মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, ফরেন চেম্বার, ইন্টারন্যাশনাল চেম্বার, বাংলাদেশ চেম্বারসহ দেশের বিভাগীয় শহরের সব চেম্বার ও বণিক সমিতি তাদের প্রস্তাব সরাসরি এনবিআর এর কাছে পাঠাতে পারবে। এছাড়া, বিজিএমইএ, বিকেএমইএসহ সব আমদানি ও রপ্তানিকারক বাণিজ্য সংগঠনও তাদের প্রস্তাব সরাসরি পাঠাবে এনবিআর এর কাছে। তবে জেলা চেম্বারগুলোকে আগের মতো এফবিসিসিআই-এর মাধ্যমে সুপারিশ পাঠাতে বলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনবিআর এর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। তিনি বলেন, "বাণিজ্য সংগঠনগুলোর পাশাপাশি সব পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরাও বাজেট বিষয়ে মতামত পাঠাতে পারবেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এসব প্রস্তাব বা সুপারিশ এনবআিরের প্রথম সচিব (বাজেট সমন্বয়) জামাল হোসেনের কাছে পাঠাতে হবে।" আবদুল মজিদ জানান, সবার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর ফেব্র"য়ারি মাসের মাঝামাঝি সময়ে বণিক সমিতি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডার সংগঠনের সঙ্গে খাতভিত্তিক প্রাক বাজেট আলোচনা শুরু করা হবে। পুরো মার্চ মাস জুড়ে এ আলোচনা চলবে। ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব বাজেট অধিকতর অর্থবহ, বস্তুনিষ্ঠ, গণমুখী ও অংশীদারিত্বমূলক করতে এবার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। এবার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ট্যারিফ কমিশনকেও সম্পৃক্ত করা হবে। এজন্য বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২২০৮ ঘ.