আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বাজারে সুখবর নেই। গত এক বছরে দেশের প্রধান এ খাদ্য উপকরণের দাম দেড়গুণের বেশি বেড়েছে। নতুন বছরের শুরুতে দাম আরও বাড়ার ইঙ্গিতই দিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেছেন, গত কয়েক দিনে ভারতের বাজারে প্রতি টন চালের দাম ৮০ থেকে ৯০ মার্কিন ডলার বেড়েছে। এ বাড়তি দামের চাল ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। বেশি দামে কেনা এ চাল বাজারে বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম আরেক দফা বাড়বে।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক বছরে রকম ভেদে চালের দাম ৬৬ থেকে ৬৮ শতাংশ বেড়েছে।
রাজধানীর অন্যতম প্রধান পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চাল আমদানিকারক হাজী মোহাম্মদ গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন বাজারে যে চাল বিক্রি হচ্ছে তা ঈদের আগে আমদানি করা। ভারত সরকার গত রোববার থেকে প্রতি টন চালের দাম ৮০ থেকে ৯০ ডলার বাড়িয়ে দিয়েছে। এ চাল বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে আসতে শুরু করেছে। এ চাল বাজারে বিক্রি শুরু হলে দাম আরও বাড়বে।"
"এ হিসাবে চালের দাম কেজিপ্রতি পাঁচ টাকার বেশি বাড়বে; আর স্থানীয় বাজারে কী পরিমাণ বাড়বে তা বলা কঠিন", বলেন তিনি।
গোলাম মওলার মতে, আগের আমদানি করা চালও ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করতে পারে। কারণ ব্যবসায়ীরা সাধারণত মুনাফা লাভের এ ধরনের সুযোগ হাতছাড়া করেন না।
সোনা মসজিদ সীমান্তের ওপারে ভারতের মালদহ জেলার মোহদীপুরের চাল রপ্তানিকারক নাজিম এন্টাপ্রাইজের মালিক মোহাম্মদ নূরুল হুদা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে এবার চাল উৎপাদন কম হচ্ছে। এ কারণে ভারত সরকার চাল রপ্তানি করতে চাচ্ছে না। তাই কৌশল হিসেবে তারা দাম বাড়িয়ে দিয়েছে।"
নূরুল হুদা জানান, গত বৃহস্পতিবার ভারতে প্রতি টন চালের দাম ছিল ৪৩০ ডলার। রোববার থেকে তা বেড়ে ৫১০ ডলার হয়েছে।
এরপরও প্রতিদিন ১২৫ থেকে ১৫০টি চালভর্তি ট্রাক সোনা মসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে বলে তিনি জানান।
বাংলাদেশের বাজারে এখন ৩০ টাকা কেজির কমে কোনো চাল পাওয়া যাচ্ছে না। মোটা নিম্নমানের পারি চালের কেজিই ৩০ টাকা। সরু নাজিরশাইল চালের কেজি ৪২ থেকে ৪৪; আর মিনিকেট বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।
ব্যবসায়ী গোলাম মওলা জানান, দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে দেশে ধান উৎপাদন কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় চালের দাম বাড়ছে।
তিনি বলেন, "সিডরের পর সরকার বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে খাদ্য সাহায্য চাওয়ার পর আমরা সবাই আশা করেছিলাম দেশে প্রচুর খাদ্য আসবে। এ কারণে আমরা আমদানিকারকরা চাল আমদানি কমিয়ে দিয়েছিলাম। কিন্তু বাস্তবে তেমন খাদ্য সাহায্য না আসায় আমরা আবার আমদানি বাড়িয়ে দিয়েছি। এ সুযোগে ভারত সরকারও চালের দাম বাড়িয়ে দিয়েছে।"
আন্তর্জাতিক বাজারেও চালের সঙ্কট দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগে ভারত ছাড়াও থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হতো। কিন্তু ওইসব দেশে সঙ্কট দেখা দেওয়ায় এখন প্রধানত ভারত থেকেই চাল আনা হচ্ছে।
ঈদের আগে রাজধানীর খুচরা বাজারে প্রকারভেদে মোটা চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ভাল মানের নাজিরশাইল চাল ঈদের আগে বিক্রি হয়েছে কেজি প্রতি ৩৮-৪০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়।
টিসিবির তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে চালের দাম ১৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
কারওরান বাজারের চাটখিল রাইচ এজেন্সির ব্যবস্থাপক বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে নতুন চাল উঠলেও দাম কমছে না, উল্টো বাড়ছে।
তিনি বলেন, "আমরা জেনেছিলাম ঈদের পর চালের দাম কমবে। কিন্তু আড়তে চালের দাম বেশি হওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।"
একই বাজারের কুমিল্লা ট্রেডার্সের আবুল কাশেম জানান, বাজারে নিম্ন মানের মোটা চালের কেজিই এখন ৩০ টাকা। ঈদের আগে পারি মোটা চাল ২৭ টাকায় বিক্রি হলেও এখন তার দাম ৩০ টাকা।
চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য হঠাৎ করে ভারতে চালের বাজার চড়ে যাওয়াকে দায়ী করেছেন খাদ্য উপদেষ্টা তপন চৌধুরীও। এ পরিস্থিতিতে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে চাল আমদানির চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় উপদেষ্টা জানান, ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় সেখান থেকে বেশি দামে চাল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারসহ চাল রপ্তানিকারক অন্য দেশগুলো থেকে আমদানির কথা ভাবা হচ্ছে।
মঙ্গলবার কারওয়ান বাজাওে নতুন স্বর্ণা চাল ৩০ টাকা, মোটা পারি চাল ২৯ থেকে ৩০ টাকা, মোটা পাইজাম ৩০ থেকে ৩১ টাকা বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব চাল ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি হয়েছে। সরু নাজিরশাইল চাল ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। ঈদে এর দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৩৯ টাকায়। ঈদের আগে এই চাল ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হয়েছে।
টিসিবির ওয়েবসাইটে বুধবার দেখানো হয়, খুচরা বাজারে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেটের দাম কেজিপ্রতি ৩৭ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এক মাস আগের দাম ৩২ থেকে ৩৫ টাকা। ভালো মানের নাজিরশাইল ও মিনিকেট চালের দাম দেখানো হয়েছে কেজিপ্রতি ৩৮ থেকে ৪৩ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৩৪ থেকে ৩৯ টাকা। এক মাস আগের দাম ৩৩ থেকে ৩৭ টাকা।
এক মাসে সরু চালের দাম ১৫ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে বলে টিসিবি জানায়। আর বছরে বেড়েছে ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
টিসিবির বুধবারের তালিকা অনুযায়ী, সাধারণ মানের পাইজাম ও লতা চালের দাম কেজিপ্রতি ৩২ থেকে ৩৩ টাকা। গত সপ্তাহে ছিল ২৭ থেকে ২৯ টাকা। আর এক মাস আগে এই দুই ধরনের চালের দাম ছিল কেজিপ্রতি ২৬ থেকে ২৭ টাকা।
অন্যদিকে মোটা চালের মধ্যে স্বর্ণা ও চায়না ইরি প্রতিকেজির দাম বুধবার ছিল ৩০ থেকে ৩২ টাকা। এক সপ্তাহ আগে এ দাম ছিল ২৫ থেকে ২৭ টাকা। এক মাস আগে বাজারদর ছিল ২৪ থেকে ২৬ টাকা।
টিসিবি জানায়, মোটা চালের দাম এক মাসে ২৪ শতাংশ বেড়েছে। আর বছরে বেড়েছে ৬৭ দশমিক ৫৭ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৩০৬ ঘ.
bdnews24