মারুফ মল্লিক
স্টাফ করসপনডেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পর্যায়ক্রমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা ভর্তুকি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এক অর্থনৈতিক বিশ্লেষনে।
জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব সিদ্দিক জোবায়ের এবং অর্থমন্ত্রণালয়ের ম্যাক্রো ইকোনমিক বিশেষজ্ঞ ড. নাসির উদ্দিন যৌথভাবে এ অর্থনৈতিক বিশ্লেষন তৈরি করেছেন। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ে এ বিশ্লেষন উপস্থাপন করা হয়। 'অয়েল প্রাইস রাইজ অ্যান্ড ইটস ম্যাক্রো ইকনোমিক এফেক্ট:বাংলাদেশ পারসেপেক্টিভ' শীর্ষক এ বিশ্লেষন বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। মারুফ মল্লিক জানাচ্ছেন বিস্তারিত।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরাস্তু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের নিয়মিত কর্মসূচি হিসাবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দিক আলোচনায় এসেছে।
দুই সরকারি কর্মকর্তার এ বিশ্লেষনে বলা হয়েছে বর্তমানে সরকার জ্বালানি তেলে যে ভর্তুকি প্রদান করছে তা অব্যাহত রাখলে বা হুট করে দাম বাড়ালেও মূল্যস্ফীতি ঘটবে। তাই ধাপে ধাপে দাম বৃদ্ধি করে সরকারকে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে হবে। দেড় বছরে তিনটি পর্যায়ে ভর্তুকি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সুপারিশ অনুযায়ী এ বছরের প্রথম কোয়ার্টার অর্থাৎ মার্চ-এপ্রিলের মধ্যে তেলের দাম বাড়াতে হবে বা আংশিক ভর্তুকি প্রত্যাহার করতে হবে।
বিশ্লেষনে বলা হয়েছে, দাম না বাড়ালে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ঋণ গ্রহণ করবে। সরকারকে ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করতে হবে। যদি সরকার নিশ্চয়তা প্রদান করে তবে সুদসহ ঋণ পরিশোধ করতে হবে। এটা দিতে হবে বাজেট থেকে। তবে বাজেটে উদ্বৃত্ত নেই। আবারও ঋণ নিতে হবে। ফলে মূল্যস্ফীতি বাড়বে। অর্থাৎ দাম বাড়ালেও মূল্যস্ফীতি বাড়বে। আবার ভর্তুকি অব্যাহত রাখলেও মূল্যস্ফীতি বাড়বে।
এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দেড় বছরের মধ্যে তিনটি ধাপে ভর্তুকির খাত থেকে বেরিয়ে আসার সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে ৬ মাস অন্তর অন্তর তিনটি ধাপে দু'টি অর্থ বছরে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করা যেতে পারে। বর্তমানে সরকার জ্বালানি তেলে ৫০০০ কোটি টাকার ওপরে ভর্তুকি প্রদান করছে। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২০০০ কোটি টাকা ভর্তুকি প্রত্যাহার করতে পারে। সরকার এ সুপারিশ গ্রহণ করলে জানুয়ারি-জুন মাসের মধ্যে প্রথম ধাপ বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রে মার্চ এপ্রিলের দিকে দাম এক দফা বৃদ্ধি বা ভর্তুকি কমানো যেতে পারে।
বিশ্লেষনে মুলত চারটি ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে বিশ্লেষন করা হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির ওপর প্রভাব, মূল্যস্ফীতির ওপর প্রভাব, বাজেটে ভারসাম্য এবং কারেন্ট একাউন্ট ব্যালেন্সের ওপর প্রভাব।
এতে বলা হয়েছে, যদিও জিডিপি ও কারেন্ট একাউন্ট ব্যালেন্সের ওপর নেতিবাচক প্রভাব পড়েনি। তবে এটা অব্যাহত থাকলে বাজেটে বিরুপ প্রভাব আসবে। পরিকল্পনা প্রণয়নকারীদের এখন থেকেই তেলের মূল্য বৃদ্ধির প্রভাব কমিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। দেড় বছরে দু'টি বাজেটে তিনটি ধাপে ভর্তুকি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
বিশ্লেষনে ডিজেল ও কেরোসিনের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে ডিজেল ও কেরোসিন কৃষি এবং দরিদ্র জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলার আশঙ্কা করে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে সরকার সাফল্যের সঙ্গে বয়স্ক ও শিক্ষা ভাতা প্রদান করছে। দরিদ্র জনগোষ্ঠীকে কেরোসিনের জন্য সরাসরি ভর্তুকি বা কার্ডের মাধ্যমে কোরোসিন তেল বিক্রি করা যেতে পারে। ডিজেলের দাম বাড়লে কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য কৃষি মন্ত্রণালয় যে পরিকল্পনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও তেলের ওপর চাপ কমানোর জন্য অধিকহারে যানবাহন সিএনজিতে রূপান্তরের জন্য শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা, ইস্টার্ন রিফাইনারীর ক্যাপাসিটি বাড়ানো, পেট্রোলিয়াম করোপরেশনের দক্ষতা বৃদ্ধি ও জ্বালানি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্লেষনে বলা হয়েছে, জ্বালানি তেলে চাহিদা কমাতে হবে অর্থনীতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত না করে। এজন্য প্রয়োজন দক্ষ ও যোগ্য প্রযুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৮৩৪ঘ.
bdnews24