২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাহীর ক্ষমতা বাড়িয়ে আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন নীতিমালা

আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করেছে। এই প্রথম তৈরি করা নীতিমালায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান নির্বাহীর ক্ষমতা বাড়ানো হয়েছে। অপরদিকে প্রধান নির্বাহী থেকে মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের বাইরে বাদবাকী নিয়োগে কমানো হয়েছে পরিচালনা পরিষদের ক্ষমতা। পরিচালনা পরিষদ এখন থেকে প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন তদারক করবে। আর নির্বাহীরা নীতি বাস্তবায়ন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করেছে। এই প্রথম তৈরি করা নীতিমালায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান নির্বাহীর ক্ষমতা বাড়ানো হয়েছে। অপরদিকে প্রধান নির্বাহী থেকে মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের বাইরে বাদবাকী নিয়োগে কমানো হয়েছে পরিচালনা পরিষদের ক্ষমতা। পরিচালনা পরিষদ এখন থেকে প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন তদারক করবে। আর নির্বাহীরা নীতি বাস্তবায়ন করবেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পরিষদের ক্ষমতা আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা নতুন এই নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের ঋণ, বিনিয়োগ নীতি তৈরি, মূল্যায়ন ও ঋণ বিতরণ প্রস্তাব অনুমোদন করবে পরিচালনা পরিষদ। প্রধান নির্বাহী থেকে মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ করবে পরিচালনা পরিষদ। এর নিচের স্তরের কর্মকর্তা নিয়োগ করবেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। ওই সব কর্মকর্তা নিয়োগে পরিচালনা পরিষদ কোন হস্তক্ষেপ করতে পারবে না। নতুন নীতিমালা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার এই আদেশ আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়। নীতিমালা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ, সেই লক্ষ্য অর্জনে বার্ষিক ভিত্তিতে নীতিমালা তৈরি এবং এর অগ্রগতি পর্যালোচনা করে পরিচালনা পরিষদকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে বলে ওই আদেশে জানানো হয়েছে। আদেশে বলা হয়, " পরিচালনা পরিষদ বার্ষিক কর্ম পরিকল্পনায় ব্যবসায়িক ও অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে কর্মপন্থা অনুসরণ এবং পরিবর্ধন ও সংশোধন করবে। এ বিষয় তারা বার্ষিক ভিত্তিতে শেয়ারহোল্ডারদের অবহিত করবেন।" নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ব্যর্থতা ও সাফল্যের বিষয়ে প্রধান নির্বাহীকে পরিচালনা পরিষদের কাছে জবাবদিহি করতে হবে। পরিচালনা পরিষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিয়োগ করবে। এছাড়া প্রধান নির্বাহী তার নিচের দুই স্তর (উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক) ছাড়া অন্য সব স্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করবেন। আগে তাদের নিয়োগ করত পরিচালনা পরিষদ। নিচের দিকের কর্মকর্তারা জবাবদিহি করবেন প্রধান নির্বাহীর কাছে। পরিচালনা পরিষদ বা কোনো পরিচালক এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না বলে নীতিমালায় বিধান রাখা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা কোনো কমিটির চেয়ারম্যান কিংবা কোনো পরিচালক প্রতিষ্ঠানের কোনো দৈনন্দিন কাজে হস্তে ক্ষেপ করতে পারবেন না। এ কাজ করবে প্রধান নির্বাহীর নেতৃত্বে একটি নির্বাহী দল। তবে পরিচালনা পরিষদ বা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোনো শাখা সরাসরি পরিদর্শন করতে পারবেন বা কোনো ঘটনা সরেজমিন অনুসন্ধান করার নির্দেশ দিতে পারবেন। নিয়মের বাইরে চেয়ারম্যান বা পরিচালনা পরিষদের কোনো সদস্য বাড়তি কোনো সুবিধা নিতে পারবেন না বলেও নতুন নীতিমালায় উল্লেখ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/১১৩৭ ঘ.