ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শনিবার বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিসের ক্লিয়ারিং হাউজসহ ব্যাংকিং ও ক্যাশ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে । জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদেশে বলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক সাপ্তাহিক ছুটির ওই দিনে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিসের ক্লিয়ারিং হাউজ খোলা রাখার নির্দেশ দেয়।
আগামী ৩০ সেপ্টেম্বর (রোববার) সরকার ঘোষিত অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগের শেষ দিন। এর আগের দিন শনিবার যাতে সবাই এই সুযোগ নিতে পারে, এজন্য এনবিআরের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার অপর এক আদেশে শনিবার সব ব্যাংক খোলা রাখারও নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৭ঘ.
bdnews24