২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংক শেয়ার কেলেঙ্কারির খবরে পুঁজিবাজারে মন্দা

এবি ব্যাংকের ১২০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির খবরে টানা তিন দিন লাভের পর সোমবার শেয়ার বাজারে ছিল মন্দাভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবি ব্যাংকের ১২০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির খবরে টানা তিন দিন লাভের পর সোমবার শেয়ার বাজারে ছিল মন্দাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমাদ রশিদ লালী বলেন, "এবি ব্যাংকের বিষয়ে খবরটি পত্রিকায় প্রকাশ হওয়ার কারণে দিনের শুরুতেই লেনদেন কমে যায়। এটা বাদ দিলে বাজারের অবস্থা মোটামুটি স্বাভাবিক।" ভিওআইপি লাইসেন্সের জন্য সরকার আগামী সপ্তাহে দরপত্র ডাকবে এমন খবরে সোমবার তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম বেড়েছে। রোববার দামের দিক থেকে রেকর্ড করলেও এদিন মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। তবে ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। সিমেন্ট খাতের অবস্থা ছিল মিশ্র। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৮ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ২৫৮২ দশমিক ৭৩ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে হয়েছে ২১৩৭ দশমিক ৪৬ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ২০৫৭ দশমিক ০৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩ কোটি টাকার এক কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। লভ্যাংশ তুলে নেওয়ায় লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৪৮ শতাংশ কমে হয়েছে ১৩১২ টাকা ৭৫ পয়সা। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ০৪ শতাংশ কমে ২৩৮৬ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। প্রাইম ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৯০ শতাংশ কমে ৭৮৫ টাকা হয়েছে। বিদ্যুত খাতের শেয়ারের দাম কমলেও ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১১৮৪ টাকা ৫০ পয়সা হয়েছে। লভ্যাংশ তুলে নেওয়ায় এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার এক দশমিক ১৯ শতাংশ কমে হয়েছে ৭ টাকা ৪৫ পয়সা। তবে ইউসিবিএল, হাইডেলবার্গ সিমেন্ট ও সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল শাইনপুকুর, বেক্সিমকো ফিশারিজ ও বেক্সটেক্স। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইম ব্যাংক, আইএফআইসি ও পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড। আর্থিক, বীমা ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম বাড়ার পরও সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ছিল নিম্নমুখী। এই বাজারে এদিন ২০ কোটি ৪৪ লাখ ৭২ হাজার টাকার ২৪ লাখ ৭৫ হাজার ২টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫২টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/১৯৩৫ ঘ.