২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের প্রথম দিনে চাঙা পুঁজিবাজার

ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও সিমেন্ট খাতের শেয়ার বিক্রি বাড়ায় সপ্তাহের প্রথম দিন রোববার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দিনের শুরুতেই বাজার চাঙা হয়ে ওঠে। দিনের মাঝামাঝিতে লেনদেন কিছুটা কমে আসলেও চাঙা মেজাজেই দিন শেষ করেছে শেয়ার বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও সিমেন্ট খাতের শেয়ার বিক্রি বাড়ায় সপ্তাহের প্রথম দিন রোববার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দিনের শুরুতেই বাজার চাঙা হয়ে ওঠে। দিনের মাঝামাঝিতে লেনদেন কিছুটা কমে আসলেও চাঙা মেজাজেই দিন শেষ করেছে শেয়ার বাজার। এইমস বাংলাদেশের প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "আগের দিনের সংশোধন প্রক্রিয়া শেষে বাজার ঘুরে দাঁড়িয়েছে। বাজারের সার্বিক অবস্থা ভালো।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৭ দশমিক ০৪ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ বেড়ে ২৫৯১ দশমিক ০৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ৭০ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ বেড়ে হয়েছে ২১৪৭ দশমিক ১৩ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২০৬৩ দশমিক ৮৯ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫১ কোটি টাকার ২ কোটি ১০ লাখ ৬১ হাজার ৭৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "লেনদেনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ায় বাজার চাঙা হয়েছে।" লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৪৯ শতাংশ বেড়ে হয়েছে ১৩৩২ টাকা ৫০ পয়সা। ভালো লাভের আশায় লেনদেন বাড়ায় এইমস বাংলাদেশের শেয়ারের দাম দিনশেষে সর্বোচ্চ ৭ টাকা ৫৪ পয়সায় পৌঁছায়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৮৬ শতাংশ বেড়ে হয়েছে ৬৪২ টাকা ৭৫ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম কমেছে। সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা জোরদার হয়েছে এমন গুজবে প্রাইম ব্যাংকের শেয়ার এক দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৮২৫ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি বিনিয়োগের ব্যাপারে সৌদী বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশ করে। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ০৯ শতাংশ কমে ৫২৬ টাকা হয়। এবি ব্যাংক, ইউসিবিএল, এসিআই ও গ্রামীণ১ এমএফ এর শেয়ারের দাম বেড়েছে। এদিন ইউসিবিএল, এসিআই ও গ্রামীণ১ এমএফ এর শেয়ার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। সিমেন্ট খাতে লাফার্জ সুরমা ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বাড়লেও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমেছে। ব্যাংক, সিমেন্ট ও মিউচুয়াল ফান্ডের ওপর ভর করে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ১৭ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার ২৮ লাখ ৭৩ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৮২৫ ঘ.