মাহবুব আলম রনী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরপর দুই দফা বন্যায় দেশের এক তৃতীয়াংশ তাঁত যন্ত্রই নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ তাঁত বোর্ডের হিসেবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫টি জেলার ৭০টি উপজেলায় মোট ২ লাখ ২৪ হাজার ৫৩৯ তাঁত শ্রমিক।
সরকার বন্যাদুর্গতদের জন্য বিভিন্ন ব্যবস্থা নিলেও ক্ষতিগ্রস্ত তাঁতশিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র দুই কোটি টাকা। এই টাকা তাঁতিরা কবে পাবে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তাঁত বোর্ডের চেয়ারম্যান। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে চারা ও ঋণ দেওয়া হলেও তাঁত শ্রমিকরা পাবেন শুধু ভিজিএফ এর চাল।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম মণ্ডল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্ত তাঁত মালিকদের জন্য আমরা সরকারের কাছে ২৮ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা অনুদান চেয়েছিলাম। সরকার প্রাথমিকভাবে দুই কোটি বরাদ্দ দিয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাঁতিদের একটি তালিকা করা হচ্ছে। টাকা পেলেই তাদের দেওয়া হবে।"
তবে অনুদানের টাকা কবে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
চেয়ারম্যান আরো বলেন, "ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেওয়া হবে। দুর্যোগ ও খাদ্য ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই তা বিতরণ করা হবে।"
এবারের বন্যায় তাঁত খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, "তাঁতিদের আর্থিক ক্ষতির হিসাব এখনো করা হয়নি। পানি পুরো নেমে যাওয়ার পর এ হিসাব নিয়ে বসবো।"
২০০৩ সালের তাঁত শুমারি অনুযায়ী, বাংলাদেশে এক লাখ ৮৩ হাজার ৫১২টি তাঁত কারখানায় ৫ লাখ ৫ হাজার ৫৫৬ টি তাঁত রয়েছে। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৭৭৬ তাঁত এবারের বন্যায় নষ্ট হয়ে গেছে। এই হিসেবে এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৩৩ দশমিক ৫৮ শতাংশ তাঁতযন্ত্র।
বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক ড. এম আর শহীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক হিসাবে ২৫টি জেলায় ২৮ হাজার ২২৬টি তাঁতী পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি আমরা। ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকের মোট সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৫৩৯ জন।"
তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, গাইবান্ধা, ঢাকা, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলায় ১২ হাজার ৪৪১টি তাঁতি পরিবার, এক লাখ ১৭ হাজার ৫টি তাঁত ও এক লাখ ৫৭ হাজার ৯৮১ জন তাঁত শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাবনা জেলার তিনটি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ১২৫ তাঁতীঁ পরিবার, ৯ হাজার ৬৭১টি তাঁত ও ১১ হাজার ৩১৬ জন শ্রমিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা জানান, দুই দফা বন্যায় জেলার আটটি উপজেলার প্রায় আড়াই লাখ তাঁতি পরিবার ক্ষতির শিকার হয়েছেন। মূলধন না পেলে ক্ষতিগ্রস্ত তাঁত কীভাবে চালু হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
সদর উপজেলার সয়দাবাদ তাঁতি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গনি মোল্লা দাবি করেন, জেলায় দুই দফা বন্যায় তাঁত মালিক ও তাঁত শ্রমিকদের কমপক্ষে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁতযন্ত্রের পাশাপাশি নষ্ট হয়ে গেছে সুতা ও রঙ।
ক্ষতিগ্রস্ত তাঁত নতুন করে চালু করতে হলে প্রতিটির জন্য ৮ থেকে ১০ হাজার টাকা দরকার বলে জানান তিনি।
তিনি বলেন, "গত ২৬ জুলাই থেকে অধিকাংশ তাঁতের উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে ক্ষতি হয়েছে আরও ১০০ কোটি টাকা। এই হিসাব যোগ করলে বন্যায় জেলার তাঁত শিল্পের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকার মতো।
আব্দুল গনি মোল্লা বলেন, "সব ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব না। তবে সরকারি অনুদান ও সুদমুক্ত ঋণ পেলে তাঁতিরা হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারবে।"
সয়দাবাদের জহুরুল, শাহজাহান, সামাদ, সেকেন্দার আলী, রুবেল, খলিল মুন্সী, মুছা মুন্সী, শামছ, হারান প্রামাণিকসহ অর্ধশতাধিক তাঁত শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই মাস হলো তাঁত বন্ধ থাকায় মহাজনের কাছে ধার দেনা করে দিন চালাতে হচ্ছে তাদের।
বাংলাদেশ তাঁত বোর্ডের সিরাজগঞ্জ সদর বেসিক সেন্টারের জনসংযোগ কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, "প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় সদর, বেলকুচী, কামারখন্দ ও কাজীপুর উপজেলার প্রায় দেড় লাখ তাঁতি প্রায় ১৮০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন।"
তিনি বলেন, "ক্ষতির এই হিসাব আমরা বাংলাদেশ তাঁত বোর্ডে পাঠিয়েছি। শ্রমিকদের পুনর্বাসনের জন্য প্রায় এক লাখ ভিজিএফ কার্ডেরও আবেদন করা হয়েছে। আশ্বাস পেলেও আমরা এখনও কোনো অনুদান বা সাহায্য পাইনি।"
শাহজাদপুর বেসিক সেন্টারের কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মোল্লা বলেন, "শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় ৫০ হাজার তাঁতি পরিবারের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।"
উল্লাপাড়া বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা আজিজার রহমান জানান, "বন্যায় উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার তাঁতির সাড়ে আট কোটি টাকার ক্ষতি হয়েছে।"
চৌহালী উপজেলার বেতিল গ্রামের তাঁত মালিক রাশেদুল হাসান সিরাজ বলেন, "আমার ১০টি তাঁত ছিল। প্রথমবারের বন্যায় তাঁতগুলো ডুবে যাওয়ার পর স্থানীয় মহাজনের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে মেশিনপত্র চালু করেছিলাম। কিন্তু ১০ দিনের মাথায় আবারও বন্যায় সবগুলো তাঁতই ডুবে গেছে।"
তিনি জানান, মাত্র ৫ মাসের ব্যবধানে প্রতি পাউন্ড সুতার দাম ২৫ থেকে ৩৫ টাকা এবং রঙের দাম প্রতি পাউন্ডে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।
রাশেদুল হাসান সিরাজ বলেন, "বাঁচতে হলে আমাদের সরকারি সাহায্য দরকার। তাছাড়া সুতা আর রঙের দামও কমানো দরকার।"
বেলকুচি উপজেলার তাঁত ব্যবসায়ী কোরায়েশ সরকার বলেন, "পরের বন্যায় বেশি ক্ষতি হয়েছে। এ অঞ্চলের প্রায় সব তাঁতই ডুবে গেছে।"
আমাদের পাবনা প্রতিনিধি এবি ফজলুর রহমান জানান, দ্বিতীয় দফা বন্যায় বৃহত্তর পাবনা জেলার ৯টি উপজেলার কয়েক লাখ তাঁতি পরিবারকে নিঃস্ব হয়ে গেছেন। প্রথম দফা বন্যার পর মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে তাঁতিরা আবার যন্ত্র চালু করলেও দ্বিতীয় দফা বন্যা তাদের সব আশা কেড়ে নিয়েছে।
বন্যায় পাবনা সদর উপজেলার মধুপুর, গঙ্গাধরদিয়া, বাগচিপাড়া ও জালালপুর; বেড়া উপজেলার কারিগরপাড়া, সিংহাসন, বৃশালিকা, পায়না এলাকাসহ সুজানগর, ফরিদপুর, বেড়া, সাঁিথয়া ও ঈশ্বরদী উপজেলার প্রায় ৪০ হাজার তাঁত কারখানার সোয়া লাখ যন্ত্র পানিতে ডুবে যায়। এসব কারখানা এখনও ২/৩ ফুট পানির নিচে রয়েছে। এতে তাঁত মালিকদের ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তাঁত মালিকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমআই/১২২৯ ঘ.
bdnews24