ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ আর আট দিন পরই শেষ হয়ে যাচ্ছে। এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন আয়কর বিভাগের একজন কর্মকর্তা। এরপর অবৈধ অর্থের মালিকদের খোঁজে সারা দেশে অভিযানে নামবে জাতীয় রাজস্ব বোর্ড।
সরকার ঘোষিত এ সুযোগ নিয়ে গত সাড়ে তিন মাসে ১৮ হাজার ২০৩ জন দুই হাজার ৮০৬ কোটি ১১ লাখ টাকা বৈধ করেছেন। এ থেকে কর পাওয়া গেছে ৪৮৩ কোটি ১৬ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকেলে আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "মেয়াদের শেষ সময়ে এসে অপ্রদর্শিত আয় বৈধ করার পরিমাণ বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত অঘোষিত আয় বৈধ করায় সরকারের কোষাগারে ৫০০ কোটি টাকার কিছু কম কর জমা পড়েছে। বাকি কয়েকদিনে আরও ২০০ কোটি টাকা জমা হবে বলে আমরা আশা করছি। সব মিলিয়ে অপ্রদর্শিত আয় থেকে সরকার ৭০০ কোটি টাকার মতো কর পাবে।''
অপ্রদর্শিত আয় বৈধ করার সময়সীমা কোনো অবস্থাতেই আর বাড়ানো হবে না বলে আলী আহমেদ জানান।
এনবিআরের তথ্য মতে, বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে বেশী অপ্রদর্শিত আয় বৈধ হয়েছে ঢাকা কর অঞ্চল-২ এ। এ অঞ্চলে ২৩২ কোটি ১০ লাখ টাকা বৈধ হয়েছে। আর এ থেকে সরকার কর পেয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ টাকা। তবে সিলেট কর অঞ্চলে বেশী সংখ্যাক লোক অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। এ অঞ্চলে এক হাজার ২৬১ জন ব্যাক্তি ২২২ কোটি ৭৯ লাখ টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা।
রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, ৪ জুন প্রথম দফায় অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য ৫৫ দিন সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু দেড় মাস পার হয়ে যাওয়ার পরও তেমন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছিল না। তবে ওই সময়ের শেষ সপ্তাহে অপ্রদর্শিত আয় বৈধ করার হিড়িক পড়ে যায়।
প্রথম দফা সময়সীমার শেষ দিন ৩১ জুলাই বিপুল পরিমাণ অর্থ বৈধ করেছিলেন অবৈধ অর্থের মালিকরা। এ সময় ৩০০ কোটি টাকার মতো কর পেয়েছিল সরকার।
এরপর সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
কয়েকদিন আগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ১ অক্টোবর থেকে অবৈধ টাকার মালিকদের খোঁজে অভিযানে নামবে এনবিআর কর্মকর্তারা। যাদের কাছে অবৈধ টাকা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/২১০০ ঘ.
bdnews24