ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক লেনদেন করায় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এপেক্স আদেলচি ফুটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
বুধবার এসইসি থেকে ইস্যু করা এক আদেশপত্রে এ কথা জানা যায়।
জুলাইয়ের দুই তারিখ থেকে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কমিশন এই তদন্ত শুরু করে। গত ২ জুলাইয়ে এপেক্সের শেয়ারের দাম ৫৮৬ টাকা ৫০ পয়সা ছিল। সেপ্টেম্বর ১৩ তারিখে এর দাম বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬৬ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবারের লেনদেনের তথ্যমতে, এপেক্স ফুটওয়্যারের মুনাফা তুলে নেওয়ায় সপ্তাহ শেষে এর মূল্য কমে দাঁড়ায় ২ হাজার ২০৬ টাকা।
এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এপেক্স ফুটওয়্যার শেয়ারের লেনদেন এবং দামের গতিশীলতা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। শেয়ারের লেনদেনে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আগামী এক মাসের মধ্যে জমা দিতে হবে।
এপেক্স আদেলচি গত ২৯ জুলাই জানিয়েছিল, তাদের শেয়ার প্রতি আয় এক বছরে ৩৩ টাকা ১৮ পয়সা থেকে ছয় মাসে বেড়েছে ১০৭ টাকা ৩১ পয়সা।
এসইসি'র ওই কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে ফুটওয়্যার কোম্পানির প্রত্যেক শেয়ারহোল্ডার এবং কোম্পানির লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে।
এপেক্স আদেলচি ফুটওয়্যার ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এমএ/ ১৯১৫ ঘ.
bdnews24