ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনের উপর ভর করে ঢাকার পুুঁজিবাজার বৃহস্পতিবার মাঝ বেলা পর্যন্ত লেনদেনের গতি ধরে রেখেছে।
সপ্তাহের প্রথম তিন দিনে দাম বেড়ে যাওয়া শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার কারণে বাজারে দরপতন দেখা দেয়। তবে পুনরায় বিনিয়োগ প্রবণতা দেখা দেওয়ায় বাজার সরগরম হয়ে উঠছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ বেড়ে হয়েছে দুই হাজার ৫৪৫ দশমিক ৪৩ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২৭ দশমিক ২৩ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে এখন দুই হাজার ১০৭ পয়েন্টের ঘরে।
মাঝ বেলা পর্যন্ত লেনদেন হয়েছে ১১৭ কোটি টাকা সমমূল্যের ৬৭ লাখ ৮ হাজার ১০৭টি শেয়ার। যার মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং ১০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে বিদ্যুৎ খাতের অন্যতম কোম্পানি সামিট পাওয়ার রয়েছে লেনদেনে শীর্ষে। কোম্পানিটির শেয়ারের দাম এক হাজার ৪৬০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৪৯০ টাকা হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭৫৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৭৯৫ টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ২৩৪ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ২৪৪ টাকা হয়েছে।
ভালো অঙ্কের মুনাফা ঘোষণা করা হবে- এ অনুমানে ইউসিবিএল এর শেয়ারের দাম চার হাজার ৪৫৪ টাকা থেকে বেড়ে চার হাজার ৫২০ টাকা হয়েছে। এ ছাড়া ডেসকোর শেয়ারের দামও এক হাজার ১৫৭ টাকা থেকে বেড়ে এক হাজার ১৬০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিকে, ভালো অঙ্কের মুনাফা করবে- এই অনুমানে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও এআইএমএস ফার্স্ট এমএফ এর শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। দাম বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এবি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ারের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৩৪৫ ঘ.
bdnews24