ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিক্ষণ ও উদ্ভাবন বিষয়ক কর্মসূচি (এলআইসি) বাস্তবায়নের জন্য বাংলাদেশকে এক কোটি ৮১ লাখ ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। সোমবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ইউএনডিপির একটি চুক্তি স্বাক্ষর হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে ইআরডির যুগ্ম সচিব এএইচএম মহসিন বিল্লাহ ও ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ল্যারি মারামিস নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা আশা করছেন, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) প্রকল্পের একটি অংশ এই এলআইসি বাস্তবায়িত হলে ইউনিয়ন পরিষদের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।
নরসিংদী, ফেনী, হবিগঞ্জ, বরগুনা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জের ৩৮৮টি ইউনিয়ন পরিষদে এলআইসি কর্মসূচি বাস্তবায়িত হবে। এর আগে ২০০০ সালে সিরাজগঞ্জের ৮২টি ইউনিয়ন পরিষদে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সাফল্য পাওয়ায় সরকার নতুন করে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
চুক্তি অনুসারে, ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপীয় ইউনিয়ন ও ড্যানিডা এই অনুদানের অর্থ দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২১১৯ ঘ.
bdnews24