ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো আব্দুল মালেক বিন আব্দুল আজিজ বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের প্রতারণার দায়ে অভিযুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মালয়েশিয়া সরকার তদন্ত করে দেখবে।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি। এ সমস্যার একটি টেকসই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
তিনি আরও জানান, মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক অসন্তোষের ব্যাপারে সরজমিন তদন্তের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আব্দুল মতিনের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল মঙ্গলবার মালয়েশিয়া যাবে। কমিটি সরেজমিন তদন্ত শেষে বাংলাদেশ সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করবেন।
গত কয়েকদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকরা তাদের ছয় মাসের বকেয়া বেতন এবং বাংলাদেশী ট্রাভেল এজেন্টদের কাছে দেওয়া টাকা ফেরতের দাবি জানিয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের সামনে অনশন শুরু করে। তবে এ ব্যাপারে কুয়ালালামপুরে বাংলাদেশী দূতাবাসের সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর অনশনরত শ্রমিকদের মালয়েশিয়া সরকার অন্যত্র সরিয়ে দেয়।
এদিকে, মালয়েশিয়া দূতাবাস গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, বাংলাদেশী কিছু শ্রমিকের অনড় অবস্থানের কারণে সমস্যার সমাধান হচ্ছেনা। অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করে বলেছে, বাংলাদেশের দূতাবাস শ্রমিকদের দুর্ভোগ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সে কারণে তাদের এই অনশন ও অবস্থান কর্মসূচি।
এ ছাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়ে প্রায় এক হাজার বাংলাদেশী শ্রমিক বিমান বন্দরে অবস্থান করছে। মালয়েশিয়ার কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের বিমানবন্দর থেকে গ্রহণ করতে আসেনি। তাই তারা সেখানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমএ/১৩৫৮ ঘ.
bdnews24