ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজা শুরুর পর শেয়ার বাজার খোলার প্রথম দিনে রোববার বিনিয়োগকারীরা বেশিরভাগ খাতে মুনাফা তুলে নেওয়ায় লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "রোজায় আরও ভালো কোনো ব্যবসায় টাকা খাটাতে অনেক বিনিয়োগকারীই টাকা তুলে নিচ্ছেন।" তিনি জানান, এদিন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল মাত্র ৫৬ শতাংশ।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস (আইএলএফএসএল) ও মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনার চাপ থাকায় দিনের শুরুতে বাজার চাঙা ছিল কিন্তু মুনাফা তুলে নেওয়ায় দিনের শেষভাগে বাজার পড়ে যায়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ কমে ২৫৪৮ দশমিক ৩৩ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে হয়েছে ২১২১ দশমিক ৯৬ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ২০৪৪ দশমিক ২৪ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১১৯ কোটি টাকার এক কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ১৬৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৭০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ১৩০৫ টাকা ২৫ পয়সা।
গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার ৪ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫৪ টাকা ৭০ পয়সা হয়েছে। ভালো মুনাফা পাওয়ার আশায় এইমস ফার্স্ট এমএফ এর শেয়ারের দাম ৩ দশমিক ৯৬ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ০৩ পয়সা। দুটি প্রতিষ্ঠানেরই ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এইমস বাংলাদেশ।
ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৪৩০১ টাকা ৮৫ পয়সা হয়। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম এক দশমিক ৩৮ শতাংশ কমে ৬২৫ টাকা হয়।
ডেসকো ও সামিট পাওয়ারের শেয়ারের দাম কমেছে তবে প্রাইম ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স ও লঙ্কাবাংলা ফাইন্যান্স এর শেয়ারের দাম বেড়েছে।
আইএলএফএসএল শেয়ার প্রথম দিনেই ৬৩৪ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৭৩৪ টাকা হয়েছে। তাদের শেয়ারের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল আইএলএফএসএল, মিতা টেক্সটাইল এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও থেরাপিউটিক বাংলাদেশ।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিুমুখী ছিল। রোববার সিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকার ৩৬ লাখ৮৯ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬২টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24