২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্যবসায়ীদের প্রতিষ্ঠান চালু রাখতে সহায়তা দিন: গভর্নর

আটক বা পলাতক ব্যবসায়ীদের লাভজনক প্রতিষ্ঠান চালু রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আটক ব্যবসায়ী-শিল্পপতিদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয় সেজন্য প্রতিষ্ঠানের দ্বিতীয় ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আটক বা পলাতক ব্যবসায়ীদের লাভজনক প্রতিষ্ঠান চালু রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আটক ব্যবসায়ী-শিল্পপতিদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয় সেজন্য প্রতিষ্ঠানের দ্বিতীয় ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের জটিলতা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতেও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।" এর ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "বিষয়টি নিয়ে আমরা ভাবছি। দেখা যাক কী হয়।" নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে অধিকাংশ ব্যাংকার খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেছেন, অনেক শিল্প-প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি কারাগারে থাকায় তাদের প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের কিস্তি নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান ব্যাংকের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না।" জবাবে গভর্নর ব্যাংকের স্বার্থেই আটক বা পলাতক ব্যবসায়ীদের ব্যবসা-প্রতিষ্ঠান চালু রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে তিনি 'অহেতুক' কাউকে কোনো প্রশ্ন না করার জন্যও ব্যাংকারদের অনুরোধ করেন। আটক বা পলাতক ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে গভর্নর পরে সাংবাদিকদের বলেন, "এটা ম্যানেজমেন্টের বিষয়। ভাল ও লাভজনক ব্যবসা যাতে চালু থাকে সে ব্যাপারে ব্যাংকগুলোর সজাগ দৃষ্টি রাখা উচিত।" এ ক্ষেত্রে পরামর্শ দিয়ে তিনি বলেন, "ব্যবসা প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে দ্বিতীয় মালিকের সঙ্গে আলাপ করে প্রতিষ্ঠানটি চালু রাখা যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ এসব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক মানুষ কর্মরত। তবে আইনগত দিকটিও বিবেচনায় রাখতে হবে।" সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যাংকগুলোতে থাকা অতিরিক্ত তারল্য (অলস অর্থ) উন্নয়নশীল কাজে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আবাসন- এ তিনটি খাত অগ্রাধিকার পাবে বলে জানান গভর্নর। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যাতে পর্যাপ্ত কৃষি ঋণ পায় সে ব্যবস্থা ব্যাংকগুলোকে নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগ প্রসঙ্গে গভর্নর বলেন, "মালয়েশিয়ায় ব্যাংকগুলো এ খাতে জিডিপির ৩০ শতাংশ বিনিয়োগ করে থাকে। আমাদেরও সে লক্ষ্য সামনে রেখে এ খাতে বিনিয়োগ করতে হবে।" বৈঠকে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর, সব রাষ্ট্রায়ত্ত্ব, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এসকে/এসএনডি/এমএ/১৯০৭ ঘ.