ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শুরুতে লেনদেনে মন্দাভাব দেখা দিলেও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনের বদৌলতে রোববার মাঝদিনেই গতি ফিরে পায় ঢাকার পুঁজিবাজার। ফলে সূচক কাটাও ছিল ঊর্ধ্বমুখী।
বেলা ১১ টা ৫৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৭ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ২ হাজার ৫৫৭ দশমিক ৬৩ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৩১ দশমিক শূন্য ৩ পয়েন্ট।
দিনের এ সময়ের মধ্যে ৫৯ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা সম মূল্যের ৭৯ লাখ ৪ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ৬১টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
মাঝ বেলা পর্যন্ত শেয়ার লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির শেয়ারের দাম ১ হাজার ২৯৫ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ১ হাজার ৩০৬ টাকা ৫০ পয়সা হয়েছে।
এদিকে, ২০০৬-২০০৭ অর্থ বছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পর দাম বেড়েছে গ্রামীণ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারও। এর শেয়ার ৫২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে বেড়ে ৫৪ টাকায় লেনদেন হচ্ছে।
অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম ৬৩৩ টাকা ৭৫ পয়সা কমে থেকে ৬২৯ টাকা হয়েছে। এ ছাড়া ইউসিবিএল শেয়ারের দাম ৪ হাজার ২০৩ টাকা ২৫ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৫ টাকায়।
ভাল অঙ্কের মুনাফা ঘোষণা করা হবে এই অনুমানের উপর ভিত্তি করে এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৯৬ পয়সা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার অনুমোদিত মূল্য ১০০ টাকার বিপরীতে ৬৭১ টাকায় বিক্রি হচ্ছে।
মাঝদিন পর্যন্ত লেনদেনকৃত কোম্পানির শেয়ারের মধ্যে ডেসকোর শেয়ারের দাম কমলেও প্রাইম ব্যাংক, অলিম্পিক এবং লঙ্কা বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এএল/এমএ/১৭৫১ ঘ.
bdnews24