ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্টায়ত্ত কারখানা বিশেষ করে পাটকল বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, ১৯৯২ সাল থেকে এই পাটকলগুলোতে ৭ হাজার ৯০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। কিন্তু সরকারের ভর্তুকি দেওয়ারও একটা সীমা রয়েছে।
উপদেষ্টা বলেন, "বিশ্বাস করুন, পাটকল বন্ধ করার ব্যাপারে আইএমএফ বা বিশ্বব্যাংক একটি শব্দও উচ্চারণ করেনি।"
সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পাটকলগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "সরকারের ভর্তুকি দেওয়ার একটা সীমা রয়েছে। ১৯৯২ সাল থেকে এই পাটকলগুলোতে ৭ হাজার ৯০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আমিও দায়িত্ব নেওয়ার পর ৩০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছি।"
বেসরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর একটি ত্রিমুখী গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে "উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা" শীর্ষক এক সেমিনারে বৃহস্পতিবার উপদেষ্টা এ কথা বলেন।
পাটকল বন্ধের ব্যাপারে অভিযোগকারীদের সমালোচনা করে তিনি বলেন, "এ ব্যাপারে (ভর্তুকি) তাদের কোনো সচেতনতা নেই। তারা কল্পনার রাজ্যে বাস করছেন।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার তিন মাসের মধ্যে পিপলস জুট মিল, ক্রিসেন্ট জুট মিল ও স্টার জুট মিল বন্ধ করে দেওয়া হয়। ১৯ এপ্রিল এই তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় সরকার।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ও এর কারণে কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার জন্য বেশ কিছু এনজিও, রাজনৈতিক নেতা ও অর্থনীতিবিদ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, কৃষি উপদেষ্টা সিএস করিম, সাবেক কৃষি মন্ত্রী এমকে আনোয়ার ও বেগম মতিয়া চৌধুরী, অধ্যাপক ওয়াহেদ উদ্দিন মাহমুদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন।
পিপিআরসি'র গবেষণায় দেখা গেছে, পাটকলগুলোতে চাহিদা ও যোগানের মধ্যে পরিষ্কার সমন্বয়হীনতা রয়েছে। বাজার কাঠামোয় দুর্বলতার কারণে পণ্যের দাম বাড়ছে। মধ্যস্বত্বভোগীরাও গরীব হয়ে যাচ্ছে।
গবেষণায় পাওয়া তথ্য অনুসারে, গড়ে খুচরা ব্যবসায়ীরা প্রতি মাসে আয় করে ৬ হাজার ২৮৫ টাকা, ফড়িয়ারা (মধ্যস্বত্বভোগী) আয় করে ৪ হাজার ৫৩৩ টাকা, পাইকারদের আয় ১৪ হাজার ২৭০ টাকা ও আড়তদারদের আয় ২৪ হাজার ১১ টাকা।
বক্তরা জানান, পণ্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির কারণ অনুসন্ধান করতে গিয়ে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে গবেষণা হলেও আমদানিকারকদের বিষয়ে কোনো ধরনের আলোকপাত করা হয়নি। যদিও আজকের বাজার ব্যবস্থায় আমদানিকারকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের শস্যের চাষাবাদে কৃষককে উৎসাহিত করতে পরিকল্পনা গ্রহণের ব্যাপারে সরকারকে আহ্বান জানান বক্তারা। অনেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর জন্য উপদেষ্টাকে পরামর্শ দেন।
টাকার মান বাড়ানোর ব্যাপারে উপদেষ্টা জানান, এই পদক্ষেপের কারণে রপ্তানি, বাণিজ্য ঘাটতি ও রেমিটেন্সে প্রভাব পড়তে পারে।
কৃষি উপদেষ্টা সিএস করিম বলেন, খাদ্য শষ্য ও অন্যসব নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্দিষ্ট চাহিদা সরকার জানে না। যথাযথ চাহিদা জানা থাকলে ভবিষ্যতে শস্য উৎপাদন সম্পর্কিত পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএসবি/এমএইচবি/২২০০ঘ.
bdnews24