ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত দুই দিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজার কিছুটা চাঙ্গা ছিল। দিনের শুরুতে বাজার মন্দা থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বাড়ায় প্রধান শেয়ার সূচক ডিজিইএন এক শতাংশ বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের তেমন পরিবর্তন হয়নি।
কম মূলধনী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। এছাড়া লভ্যাংশ ঘোষণার কারণে গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে।
সিমেন্ট খাতের দাম বাড়লেও বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম ওঠা-নামা করেছে।
আইডিএলসি ফাইন্যান্সের পুঁজিবাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "সারাদিন বাজার অস্থির আচরণ করেছে। তবে বাজার স্বাভাবিক রয়েছে এবং অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মুনাফা করেছেন।"
এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "বাজারে সংশোধনী প্রক্রিয়া সহনীয় ছিল এবং সংশোধনের পর বাজার স্থিতিশীল রয়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে ২৫৪৯ দশমিক ৭৫ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে ২১১৯ দশমিক ৬৪ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ২০৩৭ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) মোট ১৫৭ কোটি টাকার ৯২ লাখ ০৭ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়। ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮০টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
লেনদেনের শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ১২৯৫ টাকা ৭৫ পয়সা।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৬৩৩ টাকা ৭৫ পয়সা হয়েছে যা আগের দিনের চেয়ে দশমিক ৮৭ শতাংশ বেশি। ডেসকোর শেয়ারের দাম দশমিক ৬৪ শতাংশ কমে ১১৯২ টাকা হয়।
ইউসিবিএল এর শেয়ারের দাম এক দশমিক ১০ শতাংশ বেড়ে ৪২০৩ টাকা ২৫ পয়সায় উঠেছে। গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড এর শেয়ার ৪ দশমিক ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। তারা ২০০৬-০৭ অর্থবছরে ২৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
লেনদেনকারী অন্য প্রতিষ্ঠানগুলোর ভেতর প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক ও এবি ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও ন্যাশনাল ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল আরামিট সিমেন্ট, বেঙ্গল ফাইন সিরামিক ও নিলয় সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক ও রহিমা ফুড।
বৃহস্পতিবার লেনদেন কম থাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তেমন কোনো পরিবর্তন ঘটে নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/১৮৩০ ঘ.
bdnews24